কক্সবাজারের টেকনাফে র্যাবের চেকপোস্টে তল্লাশি চালিয়ে ১ লাখ ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
র্যাব-১৫ জানায়, ২৬ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দ সন্ধ্যা ৫টা ৫৫ মিনিটের দিকে টেকনাফ-কক্সবাজার সড়কে টেকনাফ ক্যাম্পের প্রধান ফটকের সামনে চেকপোস্ট বসিয়ে নিয়মিত তল্লাশি চালানো হচ্ছিল। এ সময় সন্দেহভাজন একটি পিকআপ ভ্যানকে থামিয়ে তল্লাশি করা হয়।
তল্লাশির একপর্যায়ে পিকআপের চালকের আসনের পেছনে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ১ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে র্যাব। এ সময় গাড়িতে থাকা দুই ব্যক্তিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন টেকনাফের সাবরাং ইউনিয়নের বাসিন্দা জাফর আলম (৫৫) ও মো. তারেক (১৯)।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার করা ইয়াবা, পিকআপ ও মোবাইল ফোনসহ গ্রেপ্তার দুজনকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন।
র্যাব-১৫ আরও জানিয়েছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

আহনাফ হামিম, বিশেষ প্রতিনিধি।
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬ । ১১:৪৭ অপরাহ্ণ