নিষিদ্ধ আওয়ামী লীগের নেতার সঙ্গে বিএনপি নেতাদের হাস্যোজ্জ্বল ছবি, ‘পুনর্বাসনের চেষ্টা’র অভিযোগ

নিজস্ব প্রতিনিধি:
প্রকাশের সময়: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬ । ১২:১৬ পূর্বাহ্ণ

কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত শহিদুল ইসলামের সঙ্গে জেলা ও উপজেলা বিএনপির নেতাদের হাস্যোজ্জ্বল ছবি প্রকাশের পর রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা ও প্রশ্ন উঠেছে। ছবিটি ঘিরে বিএনপির কিছু নেতার মাধ্যমে আওয়ামী লীগের নেতাদের ‘পুনর্বাসনের চেষ্টা’ করা হচ্ছে কি না—এমন অভিযোগও তুলেছেন স্থানীয় রাজনৈতিক মহলের অনেকে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) কুড়িগ্রাম রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাচনে জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সহসভাপতি আব্দুল ওয়াদুদের সঙ্গে শহিদুল ইসলামকে হাস্যোজ্জ্বল অবস্থায় দেখা যায়। পরে ওই মুহূর্তের ছবি জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান তাঁর নিজের ফেসবুক প্রোফাইলে প্রকাশ করেন।

স্থানীয় রাজনৈতিক সূত্রে জানা যায়, শহিদুল ইসলাম আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ছিলেন এবং দলটির সহসভাপতি পদে ছিলেন। তাঁর স্ত্রী মাসুদা আক্তার ডেইজিও আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ছিলেন বলে উল্লেখ করা হয়েছে।

গত ৪ আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়ার পর শহিদুল ইসলাম দীর্ঘদিন গ্রেপ্তারের ভয়ে আত্মগোপনে ছিলেন বলে অভিযোগ রয়েছে। পরে নির্বাচন ও বিএনপি সরকার গঠনের পর তিনি আবারও সক্রিয় হয়ে উঠেছেন বলে দাবি স্থানীয়দের।

এর মধ্যে রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির জেলা ও উপজেলা পর্যায়ের নেতাদের সঙ্গে তাঁর প্রকাশ্য উপস্থিতি এবং হাস্যোজ্জ্বল ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পেলে বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়।

স্থানীয় রাজনৈতিক মহলের অনেকের প্রশ্ন, নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের কি বিএনপির উপজেলা ও জেলা পর্যায়ের কিছু নেতার মাধ্যমে পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে? শহিদুল ইসলামের সঙ্গে বিএনপি নেতাদের এমন প্রকাশ্য উপস্থিতির রাজনৈতিক কারণ ও এর পেছনে কোনো সমঝোতা রয়েছে কি না, তা নিয়েও নানা আলোচনা চলছে।

এ বিষয়ে বিএনপির ত্যাগি নেতারা প্রধানমন্ত্রী ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করেছেন।

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন