দীঘিনালায় তৃতীয় দফায় নিম্নাঞ্চল প্লাবিত, নৌকায় পারাপার

মোঃ হাচান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি
প্রকাশের সময়: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬ । ২:২৮ অপরাহ্ণ

খাগড়াছড়ির দীঘিনালায় এক মাসের মধ্যে তৃতীয় দফায় ভারী বর্ষণে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। শুক্রবার রাতে টানা মুষলধারে বৃষ্টিতে উপজেলার মেরুং, কবাখালী ও বোয়ালখালী ইউনিয়নের বিভিন্ন নিচু এলাকা পানিতে তলিয়ে যায়। এতে দুর্ভোগে পড়েছেন কয়েক হাজার মানুষ।

দীঘিনালা আবহাওয়া পর্যবেক্ষণ অফিসের তথ্য অনুযায়ী, গত রাতে উপজেলায় ৮৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। অতিবৃষ্টির কারণে নিম্নাঞ্চলে পানি দ্রুত বাড়তে শুরু করে।

মেরুং ইউনিয়নের বাঁচা মেরুং স্টিল ব্রিজ এলাকায় সড়ক ও ব্রিজের ওপর পানি উঠে যাওয়ায় দীঘিনালা-লংগদু সড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। এতে ওই সড়কে চলাচলকারী মানুষ চরম দুর্ভোগে পড়েন। পানিতে তলিয়ে যাওয়া সড়কের অংশ নৌকায় পার হয়ে গন্তব্যে যেতে দেখা গেছে স্থানীয়দের।

অন্যদিকে, কবাখালী ইউনিয়নের মাইনী ব্রিজসংলগ্ন কবরস্থান এলাকায় সড়কের ওপর পানি উঠলেও পানির উচ্চতা তুলনামূলক কম থাকায় দীঘিনালা-সাজেক সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

বারবার বন্যায় সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে কৃষিজমি ও মাছের খামার। পানিতে তলিয়ে গেছে বিভিন্ন এলাকার ফসলি জমি। একই সঙ্গে মাছের খামারে পানি ঢুকে মাছ ভেসে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এতে কৃষক ও খামারিদের মধ্যে নতুন করে আর্থিক ক্ষতির উদ্বেগ তৈরি হয়েছে।

স্থানীয়রা জানান, এক মাসের মধ্যে তিন দফা বন্যায় তাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। টানা বৃষ্টিতে নিম্নাঞ্চলের মানুষের মধ্যে নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে। দ্রুত পানি নিষ্কাশন এবং ক্ষতিগ্রস্ত সড়ক যোগাযোগ স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি পদক্ষেপ দাবি করেছেন তারা।

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন