বাকৃবিতে মহানবীকে কটূক্তির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬ । ৫:৩৮ পূর্বাহ্ণ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বিভাগের ৬৩ ব্যাচের শিক্ষার্থী ও হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের আবাসিক ছাত্র মুবিন খান গৌরবের বিরুদ্ধে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে কটূক্তির অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সোমবার (৩১ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রক্টর কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন হল ও অনুষদের শিক্ষার্থীরা অংশ নেন।

বিক্ষোভ থেকে শিক্ষার্থীরা অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, আইনানুগ ব্যবস্থা এবং অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ শাস্তির দাবি জানান। একই সঙ্গে ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এমন কর্মকাণ্ড প্রতিরোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করেন তারা।

কৃষি অনুষদের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মুহাম্মদ মাহাদি বলেন, এটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। এর পেছনে একটি চক্র কাজ করছে বলেও দাবি করেন তিনি।

শিক্ষার্থী নাহিদুল ইসলাম বলেন, অভিযুক্তের ছাত্রত্ব বাতিলসহ সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। এ বিষয়ে তারা প্রক্টরের সঙ্গে কথা বলেছেন।

হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসাইন বলেন, বিষয়টি জানার পর সংশ্লিষ্ট শিক্ষার্থীকে ডেকে ঘটনার বিষয়ে জানতে চাওয়া হয়। সে ভুল স্বীকার করে অনুতপ্ত হয়ে মুচলেকা দিয়েছে। পরে সে হলের বাইরে চলে গেছে।

বাকৃবির প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল আলীম বলেন, বিশ্ববিদ্যালয়ের আইনে ধর্মীয় অবমাননা ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের বিষয়ে সুস্পষ্ট বিধান রয়েছে। অভিযোগ তদন্তে প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

অভিযোগের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের তদন্ত ও পরবর্তী সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন শিক্ষার্থীরা।

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন