কক্সবাজারের লাবণী সমুদ্রসৈকতে পর্যটকদের সুবিধার্থে উদ্বোধন করা হয়েছে ‘FRF Iron & Arsenic Removal Water Treatment Plant’। বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের অর্থায়নে এবং কক্সবাজার জেলা প্রশাসন ও গণস্বাস্থ্য বিভাগের সার্বিক সহযোগিতায় প্ল্যান্টটি স্থাপন করা হয়েছে।
কক্সবাজারের অধিকাংশ অঞ্চলের পানি লবণাক্ত ও পানের অনুপযোগী হওয়ায় দীর্ঘদিন ধরে সৈকতে আগত পর্যটক ও স্থানীয়দের জন্য পর্যাপ্ত সুপেয় পানির সংকট ছিল। বিষয়টি কক্সবাজার জেলা পুলিশের মাধ্যমে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আনা হলে পর্যটকদের জন্য বিনামূল্যে নিরাপদ পানি সরবরাহের উদ্যোগ নেওয়া হয়।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) কক্সবাজারের জেলা প্রশাসক ও পুলিশ সুপার যৌথভাবে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টটির উদ্বোধন করেন।
সংশ্লিষ্টরা জানান, এই উদ্যোগের ফলে লাবণী সমুদ্রসৈকতে আগত দেশি-বিদেশি পর্যটক ও সাধারণ মানুষ সহজেই নিরাপদ ও বিশুদ্ধ সুপেয় পানি ব্যবহারের সুযোগ পাবেন। পাশাপাশি পর্যটন এলাকায় নিরাপদ পানির সংকট কিছুটা হলেও কমবে বলে আশা করা হচ্ছে।
স্থানীয়রা বলছেন, পর্যটকদের জন্য বিনামূল্যে সুপেয় পানির ব্যবস্থা করা একটি প্রশংসনীয় উদ্যোগ। সৈকতের অন্যান্য গুরুত্বপূর্ণ পয়েন্টেও এ ধরনের ব্যবস্থা সম্প্রসারণ করা হলে পর্যটকসেবা আরও উন্নত হবে।

মো:আরিফুল ইসলাম স্টাফ রিপোর্টার কক্সবাজার
প্রকাশের সময়: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬ । ৭:২১ অপরাহ্ণ