প্রতিমন্ত্রী শাহে আলমের পারিবারিক প্রতিষ্ঠানে ৭১ কোটি টাকার সরকারি কাজ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬ । ১:০০ অপরাহ্ণ

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) পরিচালক থেকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। এর মধ্যেই মীর শাহে আলমের পরিবারের মালিকানাধীন দুটি প্রতিষ্ঠান সরকারি বিভিন্ন দপ্তর থেকে ৭১ কোটি টাকার বেশি মূল্যের অন্তত ১২টি কাজ পেয়েছে।

চুক্তির নথি পর্যালোচনা করে এ তথ্য পাওয়া গেছে। নথি অনুযায়ী, বগুড়াভিত্তিক রূপসী রাইস অ্যান্ড পুষ্টি মিলস লিমিটেডের শতভাগ শেয়ারের মালিক প্রতিমন্ত্রী মীর শাহে আলম ও তার ছেলে মীর শাকরুল আলম সীমান্ত।

২০২৬ সালের ১২ এপ্রিল রূপসী রাইস অ্যান্ড পুষ্টি মিলসকে ২৫ কোটি ৫৭ লাখ টাকার একটি কাজ দেয় বিসিক। এর প্রায় দুই মাস আগে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন শাহে আলম।

তবে প্রতিষ্ঠানটির সঙ্গে তার সংশ্লিষ্টতা প্রতিমন্ত্রী হওয়ার আগের। ২০২৬ সালের ১০ ফেব্রুয়ারি খাবার লবণে আয়োডিন যুক্ত করতে পটাশিয়াম আয়োডেট কেনার জন্য দরপত্র আহ্বান করে বিসিক। ওই সময় শাহে আলম ছিলেন শিল্প মন্ত্রণালয়ের অধীন বিসিকের পরিচালক।

২০২৪ সালের ২ অক্টোবর, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার প্রায় দুই মাস পর ব্যবসায়ী ও বগুড়া জেলা বিএনপির সহসভাপতি শাহে আলমকে বিসিকের পরিচালক করা হয়। তিনি ২০২৬ সালের ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত ওই পদে ছিলেন।

১২ চুক্তিতে ৭১ কোটি টাকা

একাধিক চুক্তির নথি অনুযায়ী, ২০২৪ সালের অক্টোবর থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত শাহে আলমের পরিবারের মালিকানাধীন রূপসী রাইস অ্যান্ড পুষ্টি মিলস এবং তার ছেলে মীর সীমান্ত ইঞ্জিনিয়ারিং বিসিক ও স্থানীয় সরকার বিভাগের কাছ থেকে অন্তত ১২টি কাজ পেয়েছে।

এসব কাজের মোট মূল্য ৭১ কোটি টাকার বেশি।

এর মধ্যে শাহে আলম বিসিকের পরিচালক থাকাকালে প্রায় ৫৭ কোটি ৫০ লাখ টাকার ছয়টি চুক্তি দেওয়া হয়। আর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হওয়ার পর দেওয়া হয় আরও প্রায় ১৩ কোটি ৫০ লাখ টাকার ছয়টি চুক্তি।

১২টি চুক্তির মধ্যে দুটি পেয়েছে রূপসী রাইস অ্যান্ড পুষ্টি মিলস এবং বাকি ১০টি পেয়েছে মীর সীমান্ত ইঞ্জিনিয়ারিং।

‘এটি স্পষ্ট স্বার্থের দ্বন্দ্ব’

সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার দ্য ডেইলি স্টারকে বলেন, এমন ঘটনায় স্বার্থের দ্বন্দ্ব স্পষ্ট। তার মতে, কোনো মন্ত্রী, প্রতিমন্ত্রী বা সরকারি কর্মকর্তার পরিবারের সদস্যদের তার কর্তৃত্বাধীন সরকারি প্রতিষ্ঠান থেকে দূরে থাকা উচিত।

তিনি বলেন, অতীত সরকারগুলোর সময়ে এ ধরনের অনিয়ম ও দুর্নীতি ব্যাপক ছিল। তবে সরকারি দরপত্রে মানুষ স্বজনপ্রীতি দেখতে চায় না। তথ্যগুলো সঠিক হলে বিষয়টি দুর্নীতি দমন কমিশনের খতিয়ে দেখা উচিত।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দুটি সূত্রের দাবি, অন্তর্বর্তী সরকারের সময়ে বিভিন্ন কাজের চুক্তি পেতে শাহে আলম তদবির করেছিলেন।

সংবিধানের ১৪৭(৩) অনুচ্ছেদেও সরকারি পদে থাকা ব্যক্তির লাভজনক পদ, বেতনভুক্ত পদ কিংবা মুনাফাভিত্তিক কোম্পানি বা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা ও পরিচালনায় অংশগ্রহণের বিষয়ে বিধিনিষেধ রয়েছে।

শাহে আলমের দাবি

দ্য ডেইলি স্টারের সঙ্গে আলাপকালে শাহে আলম এসব চুক্তিতে কোনো স্বার্থের দ্বন্দ্ব নেই বলে দাবি করেন। নিজের পদ ব্যবহার করে তার পরিবারের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দেওয়ার ক্ষেত্রেও প্রভাব বিস্তারের অভিযোগ অস্বীকার করেন তিনি।

শাহে আলমের দাবি, তার ছেলে প্রতিমন্ত্রী হওয়ার আগেই স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রকল্পের কাজ পেয়েছিলেন।

তিনি বলেন, ছেলে সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী হওয়ার সময় ওই কাজের নোটিফিকেশন অব অ্যাওয়ার্ড ও কার্যাদেশ হয়ে যাওয়ায় স্বার্থের দ্বন্দ্ব এড়াতে হলফনামার মাধ্যমে কাজটি অন্য এক ঠিকাদারের কাছে হস্তান্তর করা হয়।

তার ভাষ্য, এরপর থেকে তার ছেলে পৌরসভা বা অন্য কোনো প্রতিষ্ঠানের কোনো দরপত্রে অংশ নেননি এবং তিনি যতদিন সরকারি পদে থাকবেন, ততদিন ছেলের ঠিকাদারি ব্যবসা চালিয়ে যাওয়ারও ইচ্ছা নেই।

তবে হলফনামার মাধ্যমে প্রতিষ্ঠানের দায়িত্ব অন্যের কাছে হস্তান্তর করলেই মালিকানা পরিবর্তন হয় কি না, এ বিষয়ে শাহে আলম কোনো উত্তর দেননি।

বিসিকের পরিচালক থাকাকালে পরিবারের প্রতিষ্ঠানগুলো কাজ পাওয়ার বিষয়ে তিনি বলেন, তিনি বিসিকের বোর্ড সদস্য ছিলেন এবং বোর্ড সদস্যদের কোনো নির্বাহী ক্ষমতা নেই। তিনি দরপত্র আহ্বান, অনুমোদন বা অর্থ পরিশোধের সঙ্গে যুক্ত ছিলেন না।

তার দাবি, নিয়ম ও বিধি মেনেই বিসিক দরপত্র আহ্বান করে কাজ দিয়েছে। বহিরাগত বোর্ড সদস্য হিসেবে ওই প্রক্রিয়ায় প্রভাব বিস্তার বা হস্তক্ষেপের সুযোগ তার ছিল না।

নিয়োগ ও বদলি নিয়েও প্রশ্ন

প্রতিমন্ত্রী হওয়ার পর শাহে আলমের প্রভাব নিয়ে আরও কয়েকটি অভিযোগ উঠেছে।

গত ২৪ মার্চ আব্দুর রশীদ মিয়াকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী হিসেবে এক বছরের চুক্তিতে নিয়োগ দেওয়া হয়। অভিযোগ রয়েছে, শাহে আলমের প্রভাবেই তাকে নিয়োগ দেওয়া হয়েছিল। তবে পাঁচ দিনের মাথায় ওই নিয়োগ বাতিল করা হয়।

মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তার দাবি, তৎকালীন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে না জানিয়েই নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়েছিল।

এ ছাড়া জনপ্রশাসনের বিভিন্ন পর্যায়ে পদায়ন ও বদলিতেও শাহে আলমের ভূমিকা নিয়ে সচিবালয়ে আলোচনা রয়েছে বলে কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদরঘাট থানার ওসি মোহাম্মদ শরীফের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে গত ১ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ডিও চিঠি পাঠিয়েছিলেন শাহে আলম। এর এক সপ্তাহের মধ্যেই ওই ওসিকে সরিয়ে দেওয়া হয়।

এ বিষয়ে জানতে চাইলে শাহে আলম বলেন, ‘আমি এসব বিষয়ে আর কথা বলব না।’

প্রতিমন্ত্রী শাহে আলম ৩১ আগস্ট সচিবালয়ে নিজের কার্যালয়ে দ্য ডেইলি স্টারের সঙ্গে এসব বিষয়ে কথা বলেন।

সূত্র: দ্য ডেইলি স্টার বাংলা

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন