শরীয়তপুরে কীর্তিনাশা নদীতে নিখোঁজ শিশুর উদ্ধার অভিযান চলছে…!

রবিউল মোল্লা শরীয়তপুর জেলা প্রতিনিধি
প্রকাশের সময়: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬ । ৭:১০ অপরাহ্ণ

শরীয়তপুরের জাজিরায় কীর্তিনাশা নদীতে গোসল করতে নেমে বাল্কহেড থেকে লাফ দিয়ে মাহাবুব সরদার (৭) নামে এক শিশু নিখোঁজ হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার জাজিরা ইউনিয়নের জব্বার আলী আকন কান্দি ব্রিজসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ মাহাবুব সরদার ওই এলাকার রুহুল আমিন সরদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে মাহাবুব অন্য শিশুদের সাথে কীর্তিনাশা নদীতে গোসল করতে যায়।

গোসলের একপর্যায়ে সে নদীতে নোঙর করে রাখা একটি বাল্কহেডের ওপর থেকে লাফ দেয়। এর পর থেকেই সে পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়।

আশপাশে থাকা স্থানীয়রা তাৎক্ষণিকভাবে খোঁজাখুঁজি শুরু করলেও তার কোনো সন্ধান পাননি।

ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ডুবুরি দলের সহায়তায় উদ্ধার অভিযান শুরু করে। শেষ খবর পাওয়া পর্যন্ত শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি।

নদীতে ঝুঁকিপূর্ণভাবে বাল্কহেডে উঠে শিশুদের গোসল করা প্রতিরোধে অভিভাবকদের সচেতনতার পাশাপাশি প্রশাসনিক নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।

নিখোঁজ শিশুকে উদ্ধারে ফায়ার সার্ভিসের অভিযান অব্যাহত রয়েছে।

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন