গাজী আব্দুল কুদ্দুস, খুলনা। উন্নয়ন, জলাবদ্ধতা ও বর্জ্য ব্যবস্থাপনায় গুরুত্ব দিয়ে প্রকল্পে ৭৯ কোটি ৮৬ লাখ টাকা
বড় অঙ্কের ঘাটতি ও প্রকল্প বাস্তবায়নের ধীরগতির মধ্যেই কমলো খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) বাজেট। ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৬০১ কোটি ৭৯ লাখ ৭ হাজার টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। গত অর্থবছরে প্রস্তাবিত বাজেটের আকার ছিল ৭১৯ কোটি ৫০ লাখ ৩৬ হাজার টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে কেসিসির প্রস্তাবিত বাজেট কমেছে ১১৭ কোটি ৭১ লাখ ২৯ হাজার টাকা।
সোমবার সকাল ১১টায় কেসিসির শহীদ আলতাফ মিলনায়তনে প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে নতুন অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়।
বাজেট নথি পর্যালোচনায় দেখা যায়, গত অর্থবছরের প্রস্তাবিত বাজেটের তুলনায় এবার আকার কমলেও নগরীর মৌলিক নাগরিক সেবার কয়েকটি খাতে গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষ করে সড়ক উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, ড্রেনেজ ব্যবস্থা এবং বর্জ্য ব্যবস্থাপনায় বরাদ্দ রাখার ওপর জোর দেওয়া হয়েছে।
এবারের বাজেটে বিশেষ প্রকল্প খাতে বরাদ্দ রাখা হয়েছে ৭৯ কোটি ৮৬ লাখ ৫৫ হাজার টাকা। নগরীর সড়ক ও ড্রেনেজ অবকাঠামো উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন এবং বর্জ্য ব্যবস্থাপনার সক্ষমতা বাড়াতে এসব অর্থ ব্যয়ের পরিকল্পনা রয়েছে।
অন্যদিকে গত অর্থবছরের প্রস্তাবিত ৭১৯ কোটি ৫০ লাখ ৩৬ হাজার টাকার বাজেট শেষ পর্যন্ত পুরোপুরি বাস্তবায়িত হয়নি। সংশোধিত বাজেটে এর আকার দাঁড়ায় ৩৩৮ কোটি ৯৭ লাখ ২১ হাজার টাকা। প্রস্তাবিত ও সংশোধিত বাজেটের মধ্যে বড় ধরনের এই ব্যবধান নিয়ে নগরবাসীর মধ্যে নানা প্রশ্নও রয়েছে।
বাজেট ঘোষণাকালে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতির পরিবর্তন এবং কয়েকটি প্রকল্পের কাজ শেষ হয়ে যাওয়ায় চলতি অর্থবছরের বাজেটের আকার কমেছে।
তবে বাজেটের আকার কমলেও নাগরিক সেবার মান ধরে রাখা এবং নগরীর দীর্ঘদিনের জলাবদ্ধতা, সড়ক ও ড্রেনেজ সংকট মোকাবিলায় প্রয়োজনীয় উদ্যোগ অব্যাহত রাখার কথা জানিয়েছে কেসিসি প্রশাসক।
নগরবাসীর প্রত্যাশা—বাজেটের আকারের চেয়ে বরাদ্দের অর্থ কতটা কার্যকরভাবে ব্যয় ও প্রকল্প বাস্তবায়ন করা যায়, এবার সেটিই হবে কেসিসির জন্য বড় চ্যালেঞ্জ।

গাজী আব্দুল কুদ্দুস,খুলনা
প্রকাশের সময়: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬ । ৭:১৮ অপরাহ্ণ