চট্টগ্রামে হিজড়া সম্প্রদায়ের নেত্রী ও ‘গুরুমা’ হিসেবে পরিচিত মৌসুমী হিজড়া ওরফে মহসিন হত্যার ঘটনায় মোমিন ওরফে রনি শেখ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার নগরীর সাগরিকা এলাকা থেকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ তাকে গ্রেপ্তার করে।
নিহত মৌসুমী হিজড়া কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার মারুকা ইউনিয়নের মনগৈর বেগম বাড়ির মোঃ রোস্তম আলীর একমাত্র সন্তান।
পুলিশ সূত্রে জানা গেছে, মোমিনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হলে সে মৌসুমীকে হত্যার কথা স্বীকার করে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উত্তর জোনের অতিরিক্ত উপকমিশনার সোহেল পারভেজ জানান, টাকা দেওয়ার কথা বলে ওই যুবককে নিজের বাসায় ডেকে নেন মৌসুমী। পরবর্তীতে তাদের মধ্যে শারীরিক সম্পর্ক নিয়ে কথা-কাটাকাটি হয়। এর একপর্যায়ে নাইলনের ফিতা গলায় পেঁচিয়ে মৌসুমীকে শ্বাসরোধে হত্যা করে যুবকটি সেখান থেকে পালিয়ে যায়।
এর আগে গত শনিবার সকালে নগরীর আমবাগান রেলওয়ে কলোনি সংলগ্ন হিজড়া কলোনিতে মৌসুমীর নিজের বাসা থেকে তার নিথর দেহ উদ্ধার করে পুলিশ। উদ্ধারকালে তার গলায় স্পষ্ট আঘাতের চিহ্ন পাওয়া যায়। এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে খুলশী থানায় একটি মামলা দায়ের করা হয়েছিল।
নিহতের বাবা মোঃ রোস্তম আলী আবেগাপ্লুত কণ্ঠে জানান, তারা দীর্ঘদিন ধরে সপরিবারে চট্টগ্রামে বসবাস করতেন। পরবর্তীতে তিনি ও তার স্ত্রী গ্রামের বাড়ি দাউদকান্দিতে চলে আসলেও মৌসুমী চট্টগ্রামেই থেকে যান। তিনি বলেন, “আমার সন্তান কখনো কারও ক্ষতি করেনি। সে সব সময় গরিব-দুঃখী মানুষের পাশে দাঁড়াত এবং তাদের সাহায্য করত। যারা আমার ছেলেকে এভাবে নির্মমভাবে হত্যা করেছে, আমি তাদের দৃষ্টান্তমূলক ও সর্বোচ্চ শাস্তি ফাঁসি দাবি করছি।”

আল রোকন দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি:
প্রকাশের সময়: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬ । ৯:২৫ অপরাহ্ণ