কক্সবাজারের চকরিয়ায় চকরিয়া সরকারি কলেজের মেইন গেট সংলগ্ন যাত্রী ছাউনির পেছন থেকে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক উদ্ধার করেছে র্যাব-১৫। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
র্যাব জানায়, মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়া সরকারি কলেজের মেইন গেটের পাশের যাত্রী ছাউনির পেছনে অভিযান পরিচালনা করে র্যাব-১৫-এর সিপিএসসি ক্যাম্পের একটি আভিযানিক দল।
র্যাবের দাবি, ৯ নম্বর লক্ষ্মারচর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ওই এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে একটি অবৈধ অস্ত্র বিশেষ কায়দায় লুকিয়ে রাখা হয়েছে বলে গোপন তথ্য পাওয়া যায়। এর ভিত্তিতে অভিযান চালিয়ে যাত্রী ছাউনির পেছনের জঙ্গল থেকে বিশেষভাবে লুকানো অবস্থায় একটি দেশীয় তৈরি একনলা বন্দুক উদ্ধার করা হয়।
র্যাব আরও জানায়, ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের জিজ্ঞাসাবাদ করেও উদ্ধার হওয়া অস্ত্রটির বিষয়ে প্রাথমিকভাবে কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি। এ ঘটনায় কাউকে আটকও করা সম্ভব হয়নি।
উদ্ধার করা অস্ত্রটি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১৫ জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধমূলক কর্মকাণ্ড দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬ । ১১:১৮ অপরাহ্ণ