সমুদ্রের সম্ভাবনা কাজে লাগাতে কক্সবাজারে ব্লু ইকোনমি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ

আহনাফ হামিম, বিশেষ প্রতিবেদক।
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬ । ৬:৫৬ অপরাহ্ণ

বিওআরআইয়ের অবকাঠামো ও গবেষণা সুবিধা কাজে লাগিয়ে দ্রুত একাডেমিক কার্যক্রম শুরুর প্রস্তাব

বঙ্গোপসাগরের বিপুল সামুদ্রিক সম্পদ ও উপকূলীয় সম্ভাবনাকে কাজে লাগাতে কক্সবাজারে প্রতিষ্ঠা করা হতে পারে বিশেষায়িত ‘ইউনিভার্সিটি অব ব্লু ইকোনমি সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি’ (ইউবিইএসটি)। বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার উদ্যোগ নিতে শিক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বিষয়টি জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
প্রস্তাবিত এই বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য হলো বঙ্গোপসাগর ও উপকূলীয় অঞ্চলের সামুদ্রিক সম্পদকে টেকসইভাবে কাজে লাগানোর জন্য প্রয়োজনীয় দক্ষ মানবসম্পদ তৈরি, উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ সম্প্রসারণ।

এর আগে, কক্সবাজারে ইউবিইএসটি প্রতিষ্ঠার প্রস্তাব দিয়ে প্রধানমন্ত্রীকে আধা-সরকারি পত্র দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। গত ১৩ সেপ্টেম্বর পাঠানো ওই চিঠিতে তিনি কক্সবাজারে অবস্থিত বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট (বিওআরআই)-এর বিদ্যমান অবকাঠামো ও গবেষণা সুবিধা কাজে লাগিয়ে বিশ্ববিদ্যালয়টির একাডেমিক ও ব্যবহারিক কার্যক্রম দ্রুত শুরুর প্রস্তাব দেন।

প্রস্তাব অনুযায়ী, প্রাথমিক পর্যায়ে বিওআরআইয়ের বিদ্যমান ল্যাবরেটরি, গবেষণা সুবিধা, বৈজ্ঞানিক জনবল ও প্রশিক্ষণ পরিবেশ কাজে লাগানো যেতে পারে। সেখানে সমুদ্রবিজ্ঞান, মৎস্য ও অ্যাকুয়াকালচার, সামুদ্রিক পরিবেশ, উপকূলীয় সম্পদ ব্যবস্থাপনা, ব্লু ইকোনমি, সামুদ্রিক তথ্য, পর্যটন ও হসপিটালিটি-সংশ্লিষ্ট বিষয়ে পাঠদান, গবেষণা, ব্যবহারিক প্রশিক্ষণ ও ইন্টার্নশিপ চালুর কথা বলা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাবে বলা হয়, নতুন করে শূন্য থেকে অবকাঠামো নির্মাণের জন্য দীর্ঘ সময় অপেক্ষা না করেই বিদ্যমান সুবিধা ব্যবহার করে গবেষণামুখী ও ব্যবহারিক এই বিশেষায়িত বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু করা সম্ভব।

বাস্তবায়িত হলে কক্সবাজার শুধু পর্যটননগরী নয়, সামুদ্রিক শিক্ষা, গবেষণা ও দক্ষ মানবসম্পদ তৈরির একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবেও গড়ে উঠতে পারে।

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন