গাজীপুরের কাপাসিয়ার টোক ইউনিয়নের হানঘড়া ব্রীজের কাছাকাছি পিএনজি ড্রাম ট্রাকের সঙ্গে একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শামীম নামে এক সিএনজি চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন।
শুক্রবার ১৮ সেপ্টেম্বর কাপাসিয়া উপজেলার টোক তদন্ত কেন্দ্রের আওতাধীন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শামীম নেত্রকোনার কেন্দুয়া উপজেলার বাসিন্দা। তার বাবার নাম সিদ্দিক।
আহতদের মধ্যে শরিফা খাতুন, স্বামী আবদুল্লাহ এবং লিজা আক্তার, পিতা আবদুল্লাহ—উভয়েই নেত্রকোনার কেন্দুয়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে। আহত অপর তিনজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, পিএনজি ড্রাম ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে হতাহতের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
টোক তদন্ত কেন্দ্রের এসআই রাশেদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনায় একজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে সিএনজিটি জব্দ করা হয়েছে।
দুর্ঘটনার কারণ এবং দায় নির্ধারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত চলছে

গাজীপুর কাপাসিয়া প্রতিনিধি
প্রকাশের সময়: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬ । ৯:৫৬ অপরাহ্ণ