ইবি ইউট্যাব থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দায়িত্বপ্রাপ্তদের সংবর্ধনা

শিহাব উদ্দিন, ইবি প্রতিনিধি
প্রকাশের সময়: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ । ৩:৩৭ অপরাহ্ণ

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থেকে দেশের বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়ে নিযুক্ত উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষদের সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করেছে শাখা ‘ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’ (ইউট্যাব)।

আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০৪ নম্বর কক্ষে ইউট্যাব ইবি শাখার আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ইবি শাখা ইউট্যাব থেকে দায়িত্বপ্রাপ্তদের সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানে অধ্যাপক ড. রশিদুজ্জামানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান, মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহা. তোজাম্মেল হোসেন, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাকির হুসাইন এবং ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু জাফর খান।

এছাড়াও এতে উপস্থিত ছিলেন ইবির উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইদ্রিস আলীসহ ইউট্যাবের অন্যান্য সদস্যবৃন্দ ও শাখা গ্রিন ফোরামের সভাপতি অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান এবং শাখা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রুমি মিথুন, সদস্য সচিব রাফিজ আহমেদসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

প্রধান অতিথির বক্তব্যে ইবি উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, “ইউট্যাব সংগঠনটি যখন তৎকালীন সময়ে অনুমোদিত হয়, তখন থেকেই এটি শিক্ষকদের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করে আসছে। পরবর্তীতে ইউট্যাবের কেন্দ্রীয় নেতৃত্বের দিকনির্দেশনায় শিক্ষকরা স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথের আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। নানা ঝুঁকি ও প্রতিকূলতা সত্ত্বেও তারা সাহসিকতার সাথে কাজ করে গেছেন।”

তিনি আরও বলেন, “বর্তমানে ইসলামী বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন যোগ্য শিক্ষক ও শিক্ষার্থী রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন, যা আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য বড় একটি অর্জন। আমরা একজোট হয়ে এই ঐক্য ও সংহতি বজায় রাখতে সক্ষম হয়েছি।”

বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি তুলে ধরে উপাচার্য বলেন, “ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিগত সময়ে প্রশাসনিক ও আর্থিক ক্ষেত্রে নানা অনিয়ম হয়েছে। আমরা সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে বিশ্ববিদ্যালয় পরিচালনার চেষ্টা করছি। কাজের গঠনমূলক সমালোচনাকে আমরা সবসময় সাধুবাদ জানাই। দল-মত নির্বিশেষে সবাইকে সাথে নিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে আমরা কাজ করে যেতে চাই।”

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন