সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রাজধানীর শেরেবাংলা নগর থানা এলাকার সংসদ সদস্য ভবন (ন্যাম ভবন)-এর ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে তাঁর মৃতদেহ পাওয়া যায়। ঘটনাটির সময় ওই ফ্ল্যাটেই উপস্থিত ছিলেন সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম—বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।
রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় খবরটি প্রকাশ্যে আসে। মরদেহটি ঝুলন্ত অবস্থায় ছিল এবং আলামত সংগ্রহ ও সুরতহাল প্রতিবেদনের জন্য সিআইডির ফরেনসিক ও ক্রাইম সিন টিম ঘটনাস্থলে পৌঁছায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরেবাংলা নগর থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, মরদেহ উদ্ধারের সময় সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ফ্ল্যাটের ভেতরেই উপস্থিত ছিলেন। পুলিশ পুরো ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চালাচ্ছে।
একই তথ্য নিশ্চিত করে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. ফজলুল করিম জানান, স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের সময় সংসদ সদস্য ফ্ল্যাটেই অবস্থান করছিলেন বলে তারা জানতে পেরেছেন। ঘটনার মূল রহস্য উদঘাটনে বিস্তারিত অনুসন্ধান চলছে।
তেজগাঁও বিভাগের উপকমিশনার মোহাম্মদ ইবনে মিজান জানান, সংবাদের ভিত্তিতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় সাক্ষ্য-প্রমাণ ও আলামত সংরক্ষণের জন্য অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিট এসে কাজ শুরু করেছে।
উল্লেখ্য, রাজধানীর পল্লবী থানার একটি হত্যাচেষ্টা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পর ঢাকার আদালতে জামিননামা পেশ করেন। রোববার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদের আদালতে স্বশরীরে উপস্থিত হয়ে তিনি এই জামিননামা জমা দিয়েছিলেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর ‘দাঁড়িপাল্লা’ প্রতীক নিয়ে সাতক্ষীরা-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন গাজী নজরুল ইসলাম। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর একটি ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ার পর ঘটনাটি দলীয়ভাবে তদন্ত করা হয়। পরবর্তীতে ‘নৈতিক স্খলনের’ অভিযোগ প্রমাণিত হওয়ায় গত ২২ জুলাই তাঁকে দল থেকে বহিষ্কার করে জামায়াতে ইসলামী।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬ । ১০:২৫ অপরাহ্ণ