ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আগামীকাল সব ক্লাস, পরীক্ষা ও অফিস বন্ধ ঘোষণা করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রেজিস্ট্রার দপ্তর এই বিষয় নিশ্চিত করেন। এর আগে গতকাল বিশ্ববিদ্যালয়ের প্রকাশনা ও জনসংযোগ দপ্তরের ভ্যারিফাইড পেইজে দেওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস, পরীক্ষা ও অফিসসমূহ আগামী ২৩ সেপ্টেম্বর (বুধবার) বন্ধ থাকবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের বার্ষিক ক্যালেন্ডারে উক্ত ছুটি উল্লেখ না থাকায় ভাইস চ্যান্সেলর এ ছুটি অন্তর্ভুক্ত করেছেন।
তবে বিশ্ববিদ্যালয়ের জরুরি সেবাসমূহ ছুটির দিনেও যথারীতি চালু থাকবে। এর মধ্যে চিকিৎসা, পানি, বিদ্যুৎ, আইসিটি সেল, নিরাপত্তা ও এস্টেট-সংক্রান্ত জরুরি কার্যক্রম অন্তর্ভুক্ত রয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের এ সময়ে দায়িত্ব পালন করতে হবে।
ছুটি শেষে বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম যথারীতি চালু হবে।
প্রসঙ্গত, ‘ফাতেহা-ই-ইয়াজদাহম’ সুফি সাধক বড় পীর হযরত আবদুল কাদের জিলানী (র.)-এর ওফাত (মৃত্যু) দিবস স্মরণে পালিত একটি বিশেষ ইসলামিক ধর্মীয় দিন।
হিজরি রবিউস সানি মাসের ১১ তারিখে হযরত আবদুল কাদের জিলানী (র.) মৃত্যুবরণ করেন। এই মাসের ১১ তারিখ পালিত হয় বলেই দিনটিকে ‘ইয়াজদাহম’ বা ‘ফাতেহা-ই-ইয়াজদাহম’ বলা হয়।
উপমহাদেশের মুসলিমদের মধ্যে এ দিনটি বেশ গুরুত্বের সাথে পালিত হয়। সে লক্ষ্যে ইবি উপাচার্য এ দিবসে বিশ্ববিদ্যালয় ছুটি ঘোষণা করেন।

ইবি প্রতিনিধি
প্রকাশের সময়: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ । ১:৫২ অপরাহ্ণ