পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে ঢাকা জেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে সাভারে ঢাকা জেলার বিভিন্ন এলাকা থেকে যুবদলের নেতাকর্মীরা মিছিলে অংশ নেন।
মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান বলেন, দেশে জনগণের ভোটে নির্বাচিত বিএনপি সরকারের বিরুদ্ধে বিগত ১৭ বছরের ফ্যাসিস্ট আওয়ামী লীগ পরিকল্পিতভাবে ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। আমরা যুবদল কোন অবস্থাতেই তা মেনে নিব না।এ সময় মোহাম্মদ আইয়ুব খান আরো বলেন, আমরা ঢাকা জেলা যুবদল সব সময় আওয়ামী লীগের নাশকতা ও দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত রুখে দেওয়ার জন্য প্রস্তুত আছি।
কর্মসূচিতে নেতাকর্মীরা দেশের শান্তি, স্থিতিশীলতা ও জননিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে পরিকল্পিতভাবে সন্ত্রাস, নৈরাজ্য ও সহিংসতা সৃষ্টি করে রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা তৈরির যেকোনো অপচেষ্টা প্রতিহত করার আহ্বান জানানো হয়।
বিক্ষোভ মিছিল থেকে বক্তারা বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও সন্ত্রাস, সহিংসতা ও নৈরাজ্যের মাধ্যমে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।
ঢাকা জেলা যুবদলের নেতারা আরও বলেন, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা এবং দেশের স্থিতিশীলতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কোনো পক্ষ যেন সহিংস কর্মকাণ্ডের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

মোঃ রবিউল ইসলাম সিয়াম স্টাফ রিপোর্টার
প্রকাশের সময়: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ । ১:৫৫ অপরাহ্ণ