কক্সবাজার সদর উপজেলার লিংক রোড এলাকায় অভিযান চালিয়ে ১৪ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল, নগদ ৬ হাজার ২০০ টাকা এবং দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
এসআরবি-১৫ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, নাইক্ষ্যংছড়ি থেকে মোটরসাইকেলযোগে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে কয়েকজন মাদক কারবারি কক্সবাজার সদরের দিকে আসছে। এর ভিত্তিতে ২১ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে কক্সবাজার সদর থানাধীন লিংক রোড রেলক্রসিং এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে অভিযানিক দল।
পরে সন্দেহভাজন মোটরসাইকেলটি চেকপোস্টে পৌঁছালে গতি রোধ করে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে মোটরসাইকেলে বিশেষ কায়দায় স্কচটেপ দিয়ে প্যাঁচানো অবস্থায় ১৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা দুই আরোহীকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—রামু উপজেলার কচ্ছপিয়া এলাকার মো. ইসা (২০) এবং কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা লারপাড়া এলাকার মো. নুরুল আবছার (২৬)।
অভিযানে ইয়াবার পাশাপাশি একটি মোটরসাইকেল, নগদ ৬ হাজার ২০০ টাকা, একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
এসআরবি-১৫ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহের কথা স্বীকার করেছে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। পরে উদ্ধার করা ইয়াবা ও অন্যান্য আলামতসহ তাদের কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়।

আহনাফ হামিম, বিশেষ প্রতিনিধি।
প্রকাশের সময়: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ । ২:০০ অপরাহ্ণ