জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়কারী নাসিরউদ্দীন পাটোয়ারীর বক্তব্য খণ্ডিত ও বিকৃতভাবে উপস্থাপনের অভিযোগ তুলে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দলটির দফতর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। বিজ্ঞপ্তিতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের বক্তব্য তুলে ধরা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নাসিরউদ্দীন পাটোয়ারীর বক্তব্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিকৃত করে বিএনপি ও তাদের অনুসারীরা রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেছে এনসিপি।
দলটির দাবি, পাটোয়ারীর প্রকৃত বক্তব্য ছিল, ‘আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচার—এই তিনটি দাবি মানলেই আর ককটেল ফুটবে না ঢাকা শহরে।’
এনসিপি বলছে, বক্তব্যটির মূল উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদের স্থায়ী বিলোপ এবং দেশে আইনশৃঙ্খলা ও শান্তি ফিরিয়ে আনার প্রস্তাব তুলে ধরা।
বিবৃতিতে আরও অভিযোগ করা হয়, নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের নাশকতা দমনে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যর্থ হয়েছে। সেই ব্যর্থতা আড়াল করতেই এনসিপি ও বিরোধী দলগুলোর ওপর দায় চাপানোর চেষ্টা করা হচ্ছে।
এনসিপি জানিয়েছে, জুলাই গণহত্যার বিচার, প্রয়োজনীয় সংস্কার এবং গণভোটের দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের রাজনৈতিক কর্মসূচি অব্যাহত থাকবে।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ । ১২:১১ পূর্বাহ্ণ