ফুটওভার ব্রিজের নিচে বাসচাপায় প্রাণ গেল নারীর

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা:
প্রকাশের সময়: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ । ৫:৪৮ অপরাহ্ণ

কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির বাসের চাপায় রোকেয়া বেগম (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার ইলিয়টগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রোকেয়া বেগম দাউদকান্দি উপজেলার মালিগাঁও ইউনিয়নের কালাসোনা গ্রামের বাসিন্দা। তার স্বামীর নাম আব্দুল লতিফ মিয়া।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোকেয়া বেগম একটি লোকাল বাসে করে ইলিয়টগঞ্জ বাসস্ট্যান্ডে নামেন। পরে বাজারের উদ্দেশ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হওয়ার সময় ফুটওভার ব্রিজের নিচ দিয়ে রাস্তা পার হচ্ছিলেন তিনি। এ সময় ঢাকা থেকে চট্টগ্রামগামী এশিয়া ট্রান্সপোর্ট নামের একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। খবর পেয়ে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নিহতের মেয়ে লিপি আক্তার কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার বড় বোন গৌরীপুরে থাকেন। সেখান থেকে মা নিজের বাড়িতে ফিরছিলেন। ইলিয়টগঞ্জ বাসস্ট্যান্ডে নেমে রাস্তা পার হওয়ার সময় বাসটি আমার মাকে কেড়ে নিয়েছে।

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা উপ-পরিদর্শক (এসআই) ফারুক ইসলাম বলেন, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহতের পরিচয় নিশ্চিত হওয়ার পর স্বজনদের খবর দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, দুর্ঘটনার ঘটনাস্থলের কাছেই ফুটওভার ব্রিজ রয়েছে। ঘাতক বাসটি শনাক্ত এবং চালককে আটকের চেষ্টা চলছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মো. সাদ্দাম হোসেন
দাউদকান্দি, সংবাদদাতা
মোবাইল :- ০১৯৩২৪৮৫০৪৮

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন