ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দৃষ্টিনন্দন স্থাপত্যশৈলীতে নতুন মাত্রা যোগ করতে প্রধান ফটক ও কেন্দ্রীয় মসজিদে কালেমা খচিত সৌন্দর্যবর্ধনকারী ফলক স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) এ দৃষ্টিনন্দন ফলকটি স্থাপন করা হয়।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, ক্যাম্পাসের ইসলামিক ঐতিহ্য ও সৌন্দর্য ফুটিয়ে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। দৃষ্টিনন্দন এই ফলকগুলোতে সুবিন্যস্ত ও অ্যারাবিক ক্যালিগ্রাফিতে ‘লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ’ খচিত ফলক স্থাপন করা হয়।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রবেশদ্বার ও কেন্দ্রীয় মসজিদের সম্মুখভাগে স্থাপন করা এই ফলকগুলো ক্যাম্পাসে প্রবেশ করতেই শিক্ষক-শিক্ষার্থী ও দর্শনার্থীদের নজর কাড়ছে।
প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সাকিব হোসেন বলেন, “ইসলামী বিশ্ববিদ্যালয়ের নাম ও মূল ভাবধারার সাথে এমন নান্দনিক সংযোজন অত্যন্ত মানানসই। এতে ক্যাম্পাসের মূল ফটক ও কেন্দ্রীয় মসজিদের সৌন্দর্য বহুগুণ বৃদ্ধি পেয়েছে।”
এছাড়া এই উদ্যোগকে স্বাগত জানিয়ে একাধিক শিক্ষার্থী একই অনুভূতি প্রকাশ করেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, “ইসলামী বিশ্ববিদ্যালয়ের নামেই ইসলাম জড়িত, সেখানে একটা কেন্দ্রীয় মসজিদে কালেমা খচিত থাকবে এটাই তো স্বাভাবিক, প্রধান ফটকে কালেমা খচিত থাকবে এটাই স্বাভাবিক। ইসলামী বিশ্ববিদ্যালয়ে কালেমা খচিত ফলক স্থাপন করা হয়েছে—এ নিয়ে কোনো সমালোচনা থাকার কথা না। কারণ প্রধান ফটকে লিখে দেওয়া নাই যে অন্য ধর্মের কারও জন্য প্রবেশে বাধা আছে। তাই আমার মনে হয় এটাকে সবার সাধুবাদ জানানো উচিত।”
প্রধান ফটক এবং ডায়নার মাঝে কোনো ফলক স্থাপন হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, “আপাতত কোনো পরিকল্পনা নেই। বেশ কিছু উদ্যোগ আমরা নিয়েছি, আগামীতে ক্যাম্পাসে এ ধরনের আরও কাজ করার পরিকল্পনা রয়েছে।”

শিহাব উদ্দিন, ইবি প্রতিনিধি
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬ । ২:৩৬ অপরাহ্ণ