চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানও ফ্যামিলি কার্ড পাবেন।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বাঁশখালীতে আয়োজিত ওই অনুষ্ঠানে তিনি বলেন, তারেক রহমানের সরকার জনগণের সরকার। সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প হিসেবে ফ্যামিলি কার্ড দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে দেশের চার কোটি পরিবারকে এ কার্ডের আওতায় আনা হবে।
মীর শাহে আলম বলেন, ফ্যামিলি কার্ড পেতে কাউকে ঘুষ দিতে হবে না। পর্যায়ক্রমে সবাই এই কার্ড পাবেন। প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও ফ্যামিলি কার্ড পাবেন। এটি বিএনপি সরকারের সিদ্ধান্ত।
বন্যা পরিস্থিতি প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ১৯৯১ সালের জলোচ্ছ্বাসের পর এ অঞ্চলের মানুষ বড় ধরনের কোনো দুর্যোগের মুখোমুখি হয়নি। আকস্মিক ভারী বর্ষণে বাঁশখালী, চন্দনাইশ ও সাতকানিয়ায় বন্যা দেখা দেওয়ায় স্থানীয় মানুষ অসহায় হয়ে পড়েন। এ ধরনের বন্যা মোকাবিলায় এ এলাকার মানুষের পূর্ব অভিজ্ঞতা ছিল না।
তিনি বলেন, জেলা প্রশাসন ও সরকার ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে। সেই চেষ্টার মধ্যে কোনো ভুল হয়ে থাকলে সরকারের পক্ষ থেকে তিনি মন্ত্রী হিসেবে ক্ষতিগ্রস্তদের কাছে ক্ষমা চান।
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘে ভাষণ দেওয়ার প্রসঙ্গে মীর শাহে আলম বলেন, তাঁর বাবা ও মা জাতিসংঘে বাংলাদেশের পক্ষে ভাষণ দিয়েছেন। এখন তারেক রহমানও জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন। তাঁর দাবি, একই পরিবারের তিনজনের জাতিসংঘে ভাষণ দেওয়ার ঘটনা বাংলাদেশের ইতিহাসে উল্লেখযোগ্য।
অনুষ্ঠানে চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম, চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবের রহমান শামীমসহ বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় পর্যায়ক্রমে চার কোটি পরিবারকে অন্তর্ভুক্ত করার কথা সরকার ও বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬ । ৩:৩১ অপরাহ্ণ