সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের পাকিজা ইউটার্ন এলাকায় পিকআপ ভ্যানের চাপায় অজ্ঞাতপরিচয় এক পথচারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত ব্যক্তি মহাসড়কের পাশে বাসের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় ঢাকাগামী একটি দ্রুতগতির পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে তাঁকে চাপা দেয়। এতে তিনি সড়কে পড়ে গেলে পিকআপ ভ্যানটির চাকা তাঁর দুই পায়ের ওপর দিয়ে চলে যায়। দুর্ঘটনায় তাঁর দুই পা থেঁতলে যাওয়াসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে।
দুর্ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় গুরুতর আহত ওই ব্যক্তিকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় দুপুর সাড়ে ১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত ব্যক্তির কাছ থেকে একটি ব্যাগ উদ্ধার করা হয়েছে। ব্যাগে প্রয়োজনীয় কাগজপত্র ও টাকা পাওয়া গেলেও তাঁর ব্যবহৃত মোবাইল ফোন পাওয়া যায়নি। উদ্ধার করা টাকা তাঁর পরিবারের কাছে পৌঁছে দেওয়ার জন্য সাভারের এনটিভির সিনিয়র সাংবাদিক জাহিদুর রহমানের কাছে গচ্ছিত রাখা হয়েছে বলে জানা গেছে।
এদিকে দুর্ঘটনার পর পিকআপ ভ্যানের চালক গাড়িটি ফেলে পালিয়ে যান। পুলিশ দুর্ঘটনাকবলিত পিকআপ ভ্যানটি (ঢাকা মেট্রো-ন ১৪-৭৬৩৯) আটক করার প্রক্রিয়া চালাচ্ছে।
পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তির ব্যাগে থাকা কাগজপত্রের সূত্র ধরে তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পরিচয় নিশ্চিত হওয়ার পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মোঃ রবিউল ইসলাম সিয়াম স্টাফ রিপোর্টার
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬ । ৩:৪৬ অপরাহ্ণ