নরসিংদীর রায়পুরায় বিভিন্ন সার দোকানে অভিযান চালিয়ে অনিয়মের অভিযোগে এক সার ডিলারকে ৩০ হাজার টাকা এবং লাইসেন্সবিহীনভাবে অননুমোদিত সার মজুদের দায়ে আরও দুইজনকে ৩ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে ২১০ কেজি সার জব্দ করা হয়।
আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রায়পুরা উপজেলার বিভিন্ন সার দোকানে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মোঃ মাসুদ রানার নেতৃত্বে এ মনিটরিং ও অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে সার ব্যবসায় অনিয়মের অভিযোগে একজন ডিলারকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এছাড়া লাইসেন্স ছাড়া অননুমোদিতভাবে সার মজুদ রাখার অপরাধে দুইজনকে ৩ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় ২১০ কেজি সার জব্দ করা হয়। পরে জব্দ করা সার সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে বিক্রি করা হয় এবং বিক্রির অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়।
অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান, রায়পুরা থানা পুলিশের সদস্য এবং আনসার সদস্যরা সহযোগিতা করেন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষকদের জন্য নির্ধারিত মূল্যে সার সরবরাহ নিশ্চিত করা এবং অবৈধভাবে সার মজুদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে সার ব্যবসায় অনিয়ম ও অবৈধ মজুদের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


বশির আহম্মদ মোল্লা, নরসিংদী প্রতিনিধি:
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬ । ৪:৩১ অপরাহ্ণ