ঘুমন্ত যাত্রীদের রয়েল কোচের স্লিপার বাস উল্টে আহত ২০-২৫, কাঁচ ভেঙে যাত্রীদের উদ্ধার

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি।।
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬ । ৪:৩৪ অপরাহ্ণ

কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ঘুমন্ত যাত্রীদের রয়েল কোচের একটি স্লিপার বাস উল্টে অন্তত ২০ থেকে ২৫ জন যাত্রী আহত হয়েছেন।

দুর্ঘটনার পর বাসের ভেতরে আটকা পড়েন নারী, শিশুসহ বেশ কয়েকজন যাত্রী। পরে স্থানীয়রা ছুটে এসে বাসের কাঁচ ভেঙে একে একে তাদের উদ্ধার করেন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভোরে উপজেলার বেকিনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, সকালে বেকিনগর এলাকায় হঠাৎ বিকট শব্দ শুনে তারা ঘটনাস্থলে ছুটে যান। সেখানে গিয়ে তারা দেখেন, রয়েল কোচের স্লিপার বাসটি মহাসড়কে উল্টে পড়ে আছে। বাসের ভেতর থেকে আহতদের কান্না ও চিৎকার শোনা যাচ্ছিল। স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজ শুরু করেন। দুর্ঘটনার পর মহাসড়কের পাশে মুহূর্তেই ভিড় জমে যায়। স্থানীয়রা আহতদের বাস থেকে বের করে দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। এতে নারী ও শিশুসহ আহত অনেক যাত্রী তাৎক্ষণিকভাবে চিকিৎসা নেওয়ার সুযোগ পান। দুর্ঘটনার সময় অনেক যাত্রী ঘুমিয়ে ছিলেন। বাসটি হঠাৎ উল্টে যাওয়ায় তারা নিজেদের সামলে ওঠার সুযোগও পাননি। একে অপরের ওপর পড়ে গিয়ে অনেকেই আহত হন। বাসের ভেতরে আটকে পড়াদের জন্য পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে।

স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘আমরা এখানে মাছ ধরতে আসছিলাম। হঠাৎ বিকট শব্দ শুনতে পাই। পরে গিয়ে দেখি বাস উল্টে আছে। একটি ছোট বাচ্চাকে বাস থেকে বের করে আনা হচ্ছে। পরে দেখি আরেকজন মহিলার হাত উল্টে গেছে। অনেক মানুষ আহত হয়েছে। আমার মনে হয় আল্লাহ তাদের বাঁচিয়েছেন।

এক যাত্রী দুর্ঘটনার ভয়াবহ অভিজ্ঞতা বর্ণনা করে বলেন, আমরা সবাই ঘুমিয়ে ছিলাম। গাড়িটি হঠাৎ করে উল্টে যায়। ভেতরে আমরা একজন আরেকজনের গায়ের ওপর পড়ে যাই।

তিনি বলেন, গাড়ির চালক স্টিয়ারিংয়ের কাছে মাথা নিচের দিকে করে আহত অবস্থায় পড়ে ছিলেন। তখনও গাড়ির স্টার্ট বন্ধ হয়নি, চালু ছিল। সুপারভাইজার গাড়ির গ্লাস ভাঙার চেষ্টা করেন। পরে এলাকার মানুষ এসে গ্লাস ভেঙে একে একে সবাইকে উদ্ধার করেন।

বিষয়টি নিশ্চিত করে দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ প্রেমদাস রায় বলেন, গাড়িটি উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। দুর্ঘটনায় বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।

 

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন