রাজধানীর ফার্মগেট এলাকায় ৩ হাজার ৬২৫ পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এস আর বি-১। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রায়হান হোসেন রাহাত (২৬) গাজীপুর সিটি করপোরেশনের ৫০ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি বলে জানা গেছে। অপরজন হলেন ওমর ফারুক।
গত সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে তেজগাঁও থানার আলরাজী হাসপাতালের পাশে দক্ষিণ-পশ্চিম তেজকুনিপাড়া কল্যাণ সমিতির ১ নম্বর গেটসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
অভিযানসংশ্লিষ্টদের ভাষ্য, অভিযান পরিচালনার সময় রায়হান ও ওমর ফারুক পালানোর চেষ্টা করেন। পরে স্থানীয় লোকজনের সহায়তায় তাঁদের আটক করা হয়। তাঁদের দেহ তল্লাশি করে ৩ হাজার ৬২৫ পিস ইয়াবা, মাদক বিক্রিতে ব্যবহৃত দুটি মুঠোফোন ও নগদ ৪ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।
এস আর বি-১ জানায়, উদ্ধার করা ইয়াবা, মুঠোফোন ও নগদ টাকা জব্দ করা হয়েছে। পরে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তেজগাঁও থানায় হস্তান্তর করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, পরদিন ২৩ সেপ্টেম্বর গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানো হয়। আদালত তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
রায়হান হোসেন রাহাত গাজীপুর সিটি করপোরেশনের ৫০ নম্বর ওয়ার্ডের চানকিরটেক এলাকার বাসিন্দা। তাঁর বাবা শাহ আলম এবং মা রাজিয়া বেগম।

শেখ মোরশেদ আলম জিসান* গাজীপুর মাল্টিমিডিয়া রিপোর্টার
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬ । ৯:০৬ অপরাহ্ণ