লক্ষ্মীপুরের কমলনগরে এক নারীকে (২৭) জোরপূর্বক ধর্ষণের চেষ্টা, মারধর ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে। গত রোববার (৪ অক্টোবর) লক্ষ্মীপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিবি ফাতেমা বাদী হয়ে দক্ষিণ চর মার্টিন এলাকার নোমানকে (৩২) আসামি করে এ মামলাটি করেন।
মামলার আরজিতে বলা হয়, স্বামী মারা যাওয়ার পর বাদী বাবার বাড়িতে বসবাস করছেন। আসামি নোমান তাকে দীর্ঘদিন ধরে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। গত ৩০ সেপ্টেম্বর সন্ধ্যায় বাড়ি ফেরার পথে আসামি তাকে টেনে-হিঁচড়ে নারিকেল-সুপারি বাগানে নিয়ে ধর্ষণের চেষ্টা করে এবং গাছের লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। ফাতেমার চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।
বাদীনি অভিযোগ করেন, থানায় বিচার না পেয়ে তিনি আদালতের শরণাপন্ন হয়েছেন। এদিকে আসামি নোমান তার বিরুদ্ধে আনীত সব অভিযোগ অস্বীকার করে বিষয়টিকে মহিলাদের মধ্যকার মারামারি বলে দাবি করেছেন।
বাদীনির আইনজীবী অ্যাডভোকেট মো. ইস্রাফিল জানান, আদালত অভিযোগ আমলে নিয়ে আগামী ১৫ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য কমলনগর থানাকে নির্দেশ দিয়েছেন। কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল আলম জানান, আদালতের আদেশের কপি পেয়ে যথাযথ গুরুত্বের সাথে তদন্ত কার্যক্রম শুরু করা হবে।

প্রতিবেদক মোহাম্মদ জাকির শাহ
প্রকাশের সময়: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬ । ১২:২১ পূর্বাহ্ণ