কুমিল্লার দেবিদ্বার উপজেলার জয়পুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে নৌবাহিনীর এক কর্মকর্তার বিরুদ্ধে চাচা ও চাচিকে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত নারীর বাঁ হাতের তিনটি আঙুল ভেঙে গেছে বলে জানিয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
স্থানীয় সূত্রে জানা গেছে, জমি সংক্রান্ত বিষয় নিয়ে ওই দুই পক্ষের মধ্যে বিগত ১০ বছর যাবত বিরোধ চলছিল। এ নিয়ে তাদের মধ্যে প্রায়শই বাকবিতণ্ডা হতো। এরই ধারাবাহিকতায় সম্প্রতি তাদের মধ্যে আবারো কথা কাটাকাটি শুরু হয়। কথা কাটাকাটির একপর্যায়ে নৌবাহিনীর কর্মকর্তা বশির তার চাচা ও চাচির ওপর চড়াও হন এবং তাদের বেধড়ক মারধর ও পিটাতে থাকেন। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে ভুক্তভোগীদের উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
ঘটনার পর ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে দেবিদ্বার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে মারধর, ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকির বিষয় উল্লেখ করে জড়িত ব্যক্তির উপযুক্ত বিচার দাবি করা হয়েছে।
অন্যদিকে, অভিযুক্ত নৌবাহিনী কর্মকর্তা বশিরের দাবি—এটি আত্মরক্ষার্থে ঘটেছে। তিনি বলেন, “এটা আমাদের পারিবারিক ঝামেলা—বিগত ১০ বছর ধরেই চলে আসছে। তারা আমাকেও আঘাত করেছে, তাই আমি নিজেকে বাঁচাতে আত্মরক্ষা করেছি।”
এ বিষয়ে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান বলেন, “অভিযোগ পেয়েছি, তদন্ত চলছে।” তদন্ত শেষে বিষয়টি নিয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা:
প্রকাশের সময়: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬ । ২:০৭ অপরাহ্ণ