শেরপুরের কুসুমহাটি বাজারে গ্রাহকদের আধুনিক ও সহজ ব্যাংকিং সেবা নিশ্চিত করতে পূবালী ব্যাংক পিএলসির ইলেকট্রনিক ব্যাংকিং ও সিআরএম (ক্যাশ রিসাইক্লিং মেশিন) বুথ উদ্বোধন করা হয়েছে। এর মাধ্যমে গ্রাহকদের ব্যাংকিং কার্যক্রম আরও সহজ, দ্রুত ও প্রযুক্তিনির্ভর হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় কুসুমহাটি বাজারে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এসব বুথের কার্যক্রম চালু করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বুথ দুটির উদ্বোধন করেন পূবালী ব্যাংক পিএলসির উপমহাব্যবস্থাপক ও টাঙ্গাইল আঞ্চলিক কার্যালয়ের অঞ্চলপ্রধান মো. বেল্লাল হোসেন।
পূবালী ব্যাংক পিএলসির শেরপুর টাউন শাখার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকটির সহকারী মহাব্যবস্থাপক ও শাখা ব্যবস্থাপক বাবুল চন্দ্র দাস। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অপু রাকিবুল ইসলাম। এ সময় ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গ্রাহকরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মো. বেল্লাল হোসেন বলেন, “বাংলাদেশ সরকারের ক্যাশলেস ও ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থা গড়ে তোলার যে লক্ষ্য, তা বাস্তবায়নে পূবালী ব্যাংক কাজ করে যাচ্ছে। গ্রাহকরা যেন সহজেই ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারেন, সে লক্ষ্যেই ইলেকট্রনিক ব্যাংকিং ও সিআরএম বুথ চালু করা হয়েছে।”
তিনি আরও বলেন, এসব বুথের মাধ্যমে গ্রাহকরা ব্যাংকিং সেবা গ্রহণে আরও বেশি সুবিধা পাবেন। সহজে ও দ্রুত অর্থ লেনদেনের পাশাপাশি প্রযুক্তিনির্ভর ব্যাংকিং কার্যক্রমের প্রসার ঘটবে। গ্রাহকরা এ সেবার শতভাগ সুফল ভোগ করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ব্যাংকিং সেবাকে সাধারণ মানুষের আরও কাছাকাছি পৌঁছে দেওয়া, সময় সাশ্রয় এবং প্রচলিত ব্যাংকিং কার্যক্রমের ওপর চাপ কমাতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে ডিজিটাল লেনদেনের প্রতি গ্রাহকদের আগ্রহ বাড়ানো এবং আধুনিক ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে পরিচিত করে তুলতে এ উদ্যোগ সহায়ক হবে।
এদিকে, কুসুমহাটি এলাকায় ১৩ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত ‘সহজ ক্যাশলেস ক্যাম্পেইন’ পরিচালনা করা হবে। এ ক্যাম্পেইনের মাধ্যমে গ্রাহকদের ক্যাশলেস ব্যাংকিং ও ডিজিটাল লেনদেন সম্পর্কে সচেতন করা এবং আধুনিক ব্যাংকিং সেবা ব্যবহারে উৎসাহিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

জান্নাতুল বাকী স্টাফ রিপোর্টার, শেরপুর
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ । ৫:৪২ অপরাহ্ণ