সুন্দরগঞ্জে জামায়াত নেতার পদত্যাগ, ভারপ্রাপ্ত সেক্রেটারি চাঁদ মিয়া
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ব্যক্তিগত ও পারিবারিক সমস্যার কথা উল্লেখ করে জামায়াতে ইসলামীর এক নেতা পদত্যাগ করেছেন। পদত্যাগ করা ওই নেতার নাম মো. রাশেদুল ইসলাম বাবু। তিনি উপজেলার বামনডাঙা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি পদে দায়িত্ব পালন করছিলেন। তাঁর পদত্যাগের পর ইউনিয়ন শাখার ভারপ্রাপ্ত সেক্রেটারি হিসেবে চাঁদ মিয়াকে দায়িত্ব দেওয়া হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে রাশেদুল ইসলামের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন সুন্দরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. শহিদুল ইসলাম মঞ্জু।
দলীয় সূত্রে জানা গেছে, গত ৩ অক্টোবর দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে উপজেলা আমির বরাবর লিখিত পদত্যাগপত্র জমা দেন রাশেদুল ইসলাম বাবু। আবেদনে তিনি ব্যক্তিগত ও পারিবারিক নানা সমস্যার কথা উল্লেখ করেন।
পদত্যাগপত্রে রাশেদুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে তিনি তাঁর ওপর অর্পিত সাংগঠনিক দায়িত্ব নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালন করে আসছেন। তবে বর্তমানে ব্যক্তিগত ও পারিবারিক বিভিন্ন সমস্যার কারণে তাঁর পক্ষে যথাযথভাবে সাংগঠনিক দায়িত্ব পালন করা কঠিন হয়ে পড়েছে। এ পরিস্থিতিতে তিনি দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে লিখিত আবেদন জমা দেন।
এদিকে, বামনডাঙা ইউনিয়ন জামায়াতের সাংগঠনিক কার্যক্রম স্বাভাবিক রাখতে চাঁদ মিয়াকে ভারপ্রাপ্ত সেক্রেটারির দায়িত্ব দেওয়া হয়েছে।
বামনডাঙা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির শফিকুল ইসলাম শামীম বলেন, বিষয়টি জানার পর সাংগঠনিক নিয়ম অনুযায়ী একজনকে ভারপ্রাপ্ত সেক্রেটারি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। সংগঠনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
অন্যদিকে, পদত্যাগপত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করলেও এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি সুন্দরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. শহিদুল ইসলাম মঞ্জু।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ । ১১:৩৪ অপরাহ্ণ