আন্ নূর মাদরাসায় ৩য় সেমিস্টারের ফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি:
প্রকাশের সময়: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ । ১২:২৫ পূর্বাহ্ণ

কুমিল্লার দাউদকান্দির হরিপুর, আমিরাবাদে অবস্থিত আন্ নূর মাদরাসায় আনন্দঘন পরিবেশে ৩য় সেমিস্টার পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ৯টায় মাদরাসার মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসার ম্যানেজিং ডিরেক্টর মো. মনিরুজ্জামান বাহলুল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসার ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ডা. মো. পারভেজ রানা এবং মাদরাসার পরিচালক মো. আব্দুল লতিফ ও মো. মোবারক হোসেন খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার অধ্যক্ষ মুহা. ইমাম হাছান খান।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন মাদরাসার প্রশাসনিক কর্মকর্তা মো. পারভেজ সরকার। এ ছাড়া শিক্ষক প্রতিনিধিদের মধ্যে বক্তব্য দেন মাওলানা মোতাহার আলী, নুসরাত জাহান, হাফেজ খন্দকার হাসসান ও মো. আব্দুর রহমান মোল্লা।

বক্তারা তাঁদের বক্তব্যে শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশের পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা এবং চারিত্রিক উৎকর্ষ সাধনের ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, ভালো ফলাফলের ধারাবাহিকতা বজায় রাখা এবং আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. মহিউদ্দিন আজাদ। পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন মাদরাসার হিফজ বিভাগের শিক্ষার্থী মো. জায়নুদ্দিন নাদিন।

ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণীকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়। এ আয়োজন তাদের ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে অনুপ্রেরণা জোগাবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

মাদরাসা কর্তৃপক্ষ জানায়, শিক্ষার মূল লক্ষ্য শুধু ভালো ফলাফল অর্জন নয়, বরং জ্ঞান, নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ আদর্শ মানুষ গড়ে তোলা। শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও পরিচালনা পর্ষদের সম্মিলিত প্রচেষ্টায় দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে একটি আদর্শ প্রজন্ম গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।

অনুষ্ঠান শেষে কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানানো হয় এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়।

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন