ঢাকার আশুলিয়ায় বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলিভর্তি একটি ম্যাগাজিনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)। গত ১৮ অক্টোবর বিকেলে আশুলিয়ার আউকপাড়া আদর্শগ্রামের একটি অটো গ্যারেজ থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সৈয়দ আলভী (৩০), মো. মামুন (৩৪) ও জহিরুল (২৭)। তাঁদের মধ্যে আলভীর বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা, মামুনের বিরুদ্ধে মাদকদ্রব্য-সংক্রান্ত দুটি ও অন্যান্য ধারায় তিনটিসহ মোট পাঁচটি মামলা এবং জহিরুলের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির একটি ও চুরির দুটি মামলার তথ্য দিয়েছে পুলিশ।
ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় ডিবি-উত্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে এসআই মো. শাহাদাৎ হোসেনের নেতৃত্বে ডিবির একটি দল অংশ নেয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, ১৮ অক্টোবর বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, আশুলিয়া থানার আউকপাড়া আদর্শগ্রামের জাহানারা বেগমের মালিকানাধীন একটি অটো গ্যারেজে কয়েকজন অস্ত্রধারী অবস্থান করছেন। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে সেখানে অভিযান চালানো হয়। বিকেল সাড়ে ৫টার দিকে গ্যারেজ থেকে তিনজনকে আটক করা হয়।
এ সময় তাঁদের হেফাজত থেকে লোহার তৈরি কাঠের বাটযুক্ত একটি বিদেশি পিস্তল এবং এক রাউন্ড গুলিভর্তি একটি ম্যাগাজিন উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ। উদ্ধার করা পিস্তলটির কাঠের বাটসহ তির্যক দৈর্ঘ্য সাত ইঞ্চি। অস্ত্রটির গায়ে ইংরেজিতে ‘TTA’ ও ‘ALY’ লেখা খোদাই করা রয়েছে।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ । ৫:২৭ অপরাহ্ণ