ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের হামলা বেড়ে যাওয়ায় সৌদি আরব থেকে জরুরি দায়িত্বে নিয়োজিত নন, এমন মার্কিন সরকারি কর্মী ও তাঁদের পরিবারের সদস্যদের দেশটি ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। সৌদি আরবের বেসামরিক বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ অবকাঠামোতে সাম্প্রতিক হামলার পর নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যে এ সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন।
সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান। সৌদি আরবের পাশাপাশি উপসাগরীয় অঞ্চলের অন্যান্য দেশ থেকেও মার্কিন কর্মীদের পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।
স্থানীয় সময় বুধবার (২১ অক্টোবর) দেওয়া পোস্টে টমি পিগট বলেন, ইরান-সমর্থিত হুতিরা সৌদি আরবের বিরুদ্ধে ক্রমবর্ধমান শত্রুতামূলক কর্মকাণ্ড চালাচ্ছে। এসব কর্মকাণ্ডের মধ্যে বেসামরিক বিমানবন্দর ও অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলাও রয়েছে। এতে বেসামরিক মানুষ হতাহত হয়েছেন এবং যাতায়াতব্যবস্থায় বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হয়েছে।
তিনি আরও বলেন, মার্কিন পররাষ্ট্র দপ্তরের কর্মী ও তাঁদের পরিবারের সদস্যদের নিরাপত্তা সর্বোচ্চ অগ্রাধিকার। তাঁদের সুরক্ষা ও সহায়তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ অব্যাহত রাখা হবে।
তবে উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন দূতাবাস থেকে কিছু কর্মী ও তাঁদের পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়ার পরিকল্পনা নিয়ে আগে প্রকাশিত একটি সংবাদ প্রতিবেদনকে ‘ভুল’ বলে উল্লেখ করেছেন পিগট।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬ । ১১:৩৯ পূর্বাহ্ণ