নিহত যুবদল নেতা ফকির জহিরুল ইসলাম
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে যুবদল নেতা ফকির জহিরুল ইসলামকে (৪৫) কুপিয়ে হত্যার ঘটনায় ২১ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। মামলায় আড়াইহাজারের কালাপাহাড়িয়া ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রিজভীকে প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৮ থেকে ১০ জনকে আসামি করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় নিহত জহিরুল ইসলামের ভাগনে ইসমাইল হোসেন বাদী হয়ে সোনারগাঁ থানায় মামলাটি করেন। গত বুধবার রাতে উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের চর কিশোরগঞ্জ এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।
নিহতের স্বজনদের অভিযোগ, আসন্ন কালাপাহাড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়ায় জহিরুলকে হত্যা করা হয়েছে। তাঁদের দাবি, সাবেক ছাত্রদল নেতা মোবারক হোসাইনের বিরুদ্ধে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নেওয়ায় তিনি বিভিন্ন সময় হুমকি ও চাপের মুখে ছিলেন।
মামলার প্রধান আসামি রিজভী আড়াইহাজার উপজেলা ছাত্রদলের সাবেক সদস্যসচিব মোবারক হোসাইনের ঘনিষ্ঠ অনুসারী হিসেবে পরিচিত।
নাম প্রকাশ না করার শর্তে নিহতের এক স্বজন অভিযোগ করেন, মামলার এজাহার থেকে ছাত্রদল নেতা মোবারক হোসাইনের নাম বাদ দেওয়ার জন্য তাঁদের বিভিন্নভাবে চাপ দেওয়া হয়েছে। এ বিষয়ে তাঁরা উপযুক্ত সময়ে বিস্তারিত জানাবেন বলে জানান।
নির্বাচনে প্রার্থী হওয়া নিয়ে বিরোধের অভিযোগ
মামলার এজাহারে বাদী ইসমাইল হোসেন অভিযোগ করেন, আসন্ন কালাপাহাড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাঁর মামা ফকির জহিরুল ইসলাম চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হওয়ায় প্রতিপক্ষের কয়েকজন তাঁকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য চাপ দিচ্ছিলেন। এ ছাড়া তাঁকে বিভিন্ন সময় ভয়ভীতি ও হুমকি দেওয়া এবং মোটা অঙ্কের চাঁদা দাবি করা হয়েছিল।
এজাহারে উল্লেখ করা হয়, ২০২৫ সালের ১৫ নভেম্বর সন্ধ্যায় আড়াইহাজারের পুরোনো থানা-সংলগ্ন সিএনজি স্ট্যান্ডে রিজভী ও তাঁর লোকজন জহিরুলের ওপর হামলা চালান। এ ঘটনায় জহিরুল বাদী হয়ে ওই বছরের ২৯ নভেম্বর আড়াইহাজার থানায় একটি মামলা করেন। মামলাটি বর্তমানে বিচারাধীন।
বাদীর অভিযোগ, আগের মামলার আসামিদের পাশাপাশি অন্য অভিযুক্ত ব্যক্তিরাও জহিরুলকে হত্যার চেষ্টা চালিয়ে আসছিলেন। এ কারণে তিনি গ্রামের বাড়িতে না থেকে সোনারগাঁয়ের চর কিশোরগঞ্জ এলাকায় বসবাস করতেন এবং সেখানে ফার্মেসির ব্যবসা পরিচালনা করতেন। মাঝেমধ্যে গ্রামের বাড়িতে গিয়ে চেয়ারম্যান পদে প্রার্থিতার বিষয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করতেন। এসব কারণে রিজভীসহ অন্য আসামিরা তাঁকে হত্যার পরিকল্পনা করেন বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।
যেভাবে হামলার শিকার হন জহিরুল
এজাহারের বিবরণ অনুযায়ী, গত বুধবার রাত আটটার দিকে ফার্মেসি বন্ধ করে হেঁটে বাসায় ফিরছিলেন জহিরুল। রাত সাড়ে আটটার দিকে চর হোগলা এলাকার কাশেমনগরে দারুস সুন্নাহ খালেদ সিদ্দিকী মডেল মাদ্রাসার কাছে একটি কাঁচা রাস্তায় পৌঁছালে রিজভীর নেতৃত্বে এজাহারভুক্ত ২১ জন আসামি ও অজ্ঞাতনামা কয়েকজন তাঁর পথরোধ করেন।
অভিযোগে বলা হয়, হামলাকারীদের হাতে চাপাতি, রামদা, ছুরি, দা, লোহার রড ও লাঠিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র ছিল। তাঁরা জহিরুলকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপান এবং লাঠি ও লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন। পরে তাঁকে মৃত ভেবে রাস্তায় ফেলে রেখে পালিয়ে যান।
এজাহারে আরও বলা হয়, রাত পৌনে নয়টার দিকে এক পথচারী জহিরুলের মোবাইল ফোনের হোয়াটসঅ্যাপ থেকে তাঁর ভাগনে ইসমাইল হোসেনকে ফোন করে হামলার খবর দেন। পরে ইসমাইলসহ কয়েকজন ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় আহত জহিরুলকে অটোরিকশায় করে মুন্সিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান।
বাদীর ভাষ্য অনুযায়ী, হাসপাতালে নেওয়ার পথে জহিরুল হামলাকারীদের কয়েকজনের নাম ও তাঁদের আঘাতের বিবরণ জানান। হাসপাতালে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। তবে ঢাকায় নেওয়ার প্রস্তুতির মধ্যেই মুন্সিগঞ্জ সদর হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
পুলিশের বক্তব্য
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আবদুল বারিক প্রথম আলোকে বলেন, যুবদল নেতা জহিরুল ইসলাম হত্যার ঘটনায় ২১ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।
এজাহার থেকে কারও নাম বাদ দেওয়ার জন্য নিহতের স্বজনদের ওপর চাপ প্রয়োগের অভিযোগের বিষয়ে জানতে চাইলে ওসি বলেন, তদন্তে হত্যাকাণ্ডে যাঁদের জড়িত থাকার প্রমাণ পাওয়া যাবে, এজাহারে নাম না থাকলেও তাঁদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।
নিহত ফকির জহিরুল ইসলাম আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের খালিয়ারচর গ্রামের আবদুর রহমানের ছেলে। তিনি ওই ইউনিয়ন যুবদলের সভাপতি ছিলেন। মুন্সিগঞ্জে ভাড়া বাসায় থেকে সোনারগাঁয়ের চর কিশোরগঞ্জ বাজারে একটি ফার্মেসি পরিচালনা করতেন।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬ । ১০:৫৮ পূর্বাহ্ণ