কক্সবাজারের ঈদগড়-ঈদগাঁও সড়কের ডাকাতি মামলার সন্দেহভাজন আসামিকে গ্রেফতার করেছে এসআরবি-১৫

আহনাফ হামিম, বিশেষ প্রতিনিধি
প্রকাশের সময়: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬ । ১:৫৬ অপরাহ্ণ

কক্সবাজারের বহুল আলোচিত ঈদগাঁও–ঈদগড় সড়কের হিমছড়ি ঢালা এলাকায় সংঘটিত ডাকাতির ঘটনায় জড়িত থাকার সন্দেহে মো. ইমাম হোসাইন (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ (এসআরবি-১৫)।

শনিবার (২৪ অক্টোবর) বিকেল ৪টা ২০ মিনিটের দিকে রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম হাসনাকাটা এলাকায় ‘হাসনাকাটা সবুজ বাংলা যুব সমাজ’ কার্যালয়ের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ব্যবহৃত অ্যান্ড্রয়েড স্মার্টফোন জব্দ করা হয়েছে।

এসআরবি-১৫-এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নটির সদর দপ্তরের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

প্রাথমিক অনুসন্ধানে গ্রেপ্তার ব্যক্তির গত ১৯ অক্টোবর ঈদগাঁও–ঈদগড় সড়কের হিমছড়ি ঢালা নামক পাহাড়ি এলাকায় সংঘটিত ডাকাতির ঘটনায় সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে ব্যাটালিয়নটি। এ ঘটনায় ঈদগাঁও থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

গ্রেপ্তার মো. ইমাম হোসাইন রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের হাসনাকাটা এলাকার মৃত মোক্তার আহাম্মদের ছেলে।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কক্সবাজারের ঈদগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে এসআরবি-১৫।

সূত্র: এসআরবি-১৫-এর প্রেস বিজ্ঞপ্তি, ২৪ অক্টোবর ২০২৬।

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন