গণঅধিকার পরিষদ বিএনপির পাশ থেকে সরে গেলে দলটির ভিত নড়ে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন গণঅধিকার পরিষদের ফরিদপুর জেলা সভাপতি ফরহাদ হোসেন। একই সঙ্গে জোটসঙ্গী হিসেবে ন্যায্য অধিকার না পেলে বিএনপিকে পাল্টা ফাঁদে ফেলার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।
সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় ফরিদপুর প্রেসক্লাবের মিলনায়তনে গণঅধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা শাখার উদ্যোগে আয়োজিত কেক কাটা ও আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা অংশ নেন। এ সময় বক্তারা বিএনপির প্রতি ক্ষোভ প্রকাশ করেন।
বক্তারা বলেন, ৫ আগস্ট পর্যন্ত গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা মাঠে ছিলেন এবং গণঅভ্যুত্থান সফল করতে ভূমিকা রেখেছেন। পরবর্তী সময়ে বিএনপি সরকার গঠন করলেও জোটসঙ্গী হিসেবে গণঅধিকার পরিষদকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে।
বক্তব্যে ফরহাদ হোসেন বলেন, বিএনপি তাদের সঙ্গে যে আচরণ করছে, তা আওয়ামী লীগ আমলে বিরোধী রাজনৈতিক শক্তির সঙ্গে করা আচরণের কথা মনে করিয়ে দেয়। আওয়ামী লীগ সরকারের সময় গণঅধিকার পরিষদ কথা বলেছে এবং আন্দোলনের মাধ্যমে বিএনপিকে ক্ষমতায় আসার পথ তৈরি করে দিয়েছে বলেও দাবি করেন তিনি।
ফরহাদ হোসেন বলেন, বিভিন্ন সরকারি অফিস-আদালতে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মূল্যায়ন করা হচ্ছে না। বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মী থাকার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগেরও বিপুলসংখ্যক নেতাকর্মী ছিল, কিন্তু শেষ পর্যন্ত তাদের ক্ষমতা ছাড়তে হয়েছে।
বিএনপিকে সতর্ক করে তিনি বলেন, “এই মুহূর্তে যদি বিএনপির পাশ থেকে গণঅধিকার পরিষদ সরে যায়, তাহলে বিএনপির ভিত নড়ে যাবে।”
তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী ও এনসিপিও গণঅধিকার পরিষদকে বিএনপি থেকে দূরে সরাতে চায় বলে তাদের ধারণা। তবে গণঅধিকার পরিষদের নেতৃত্ব এ ধরনের কোনো ফাঁদে পা দেবে না বলেও মন্তব্য করেন তিনি।
বিএনপির সঙ্গে সম্পর্কের বিষয়ে ফরহাদ হোসেন বলেন, সারাদেশে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সঙ্গে যে আচরণ করা হচ্ছে, তাতে বিএনপিকে পাল্টা ফাঁদে ফেলার পরিস্থিতি তৈরি হতে পারে। তবে তারা এমন পরিস্থিতি তৈরি করতে চান না; বরং জোটসঙ্গী হিসেবে নিজেদের ন্যায্য অধিকার চান।
আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক শেখ রুবেল, জ্যেষ্ঠ সহসভাপতি ফিরোজ শেখ, সহসভাপতি মনির চৌধুরী, জিয়া খান, আলীমুজ্জামান লাবলু ও আলমগীর শিকদার, সাংগঠনিক সম্পাদক শেখ জাহিদ হাসান, যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক বায়েজিদ হোসেন বিপুল এবং শ্রমিক অধিকার পরিষদের সহসভাপতি সোহেল খানসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।
আলোচনা সভা শেষে কেক কেটে গণঅধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ । ১২:২৬ পূর্বাহ্ণ