বরিশালের গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতার বাড়িতে দাওয়াত খেতে এসে যুবলীগ ও ছাত্রলীগের সাত নেতাকর্মী আটক হয়েছেন। পরে সোমবার (২৬ অক্টোবর) দুপুরে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত গুহ পিকলুর বাড়ি থেকে তাঁদের আটক করে পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন সৈকত গুহ পিকলুর ছোট ভাই সলিল গুহ পিন্টু, সরকারি গৌরনদী কলেজ ছাত্র সংসদের ছাত্রলীগ মনোনীত সাবেক জিএস মহিবুল আলম খোকন, পৌর আওয়ামী লীগের সদস্য ওয়াজ করনী আকন, বাটাজোর ইউনিয়ন যুবলীগের সদস্য মিঠুন হালদার, পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মাসুম সরদার, মাহিলাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পলাশ হাওলাদার এবং পৌর ছাত্রলীগের সদস্য সজিব সরদার।
সৈকত গুহ পিকলু জানান, তাঁদের বাড়িতে লক্ষ্মীপূজার অনুষ্ঠান চলছিল। এ উপলক্ষে কয়েকজন শুভাকাঙ্ক্ষীকে দাওয়াত দেওয়া হয়েছিল। রোববার সন্ধ্যায় বিএনপির কয়েকজন কর্মী-সমর্থক তাঁদের বাড়িতে এসে দাওয়াতে আসা ছয়জন ও তাঁর ছোট ভাই পিন্টু গুহকে পুলিশের হাতে তুলে দেন বলে তিনি অভিযোগ করেন।
এ ঘটনায় গৌরনদী মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. পারভেজ আহমেদ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী (সংশোধন) আইনে একটি নিয়মিত মামলা করেছেন। মামলায় গ্রেপ্তার সাতজন ছাড়াও সাবেক ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু, সাবেক উপজেলা চেয়ারম্যান মনির হোসেন মিয়াসহ অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কয়েকজন সক্রিয় নেতাকর্মী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র, জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি, আগামী ডিসেম্বর মাসে দলীয় প্রধানের দেশে প্রত্যাবর্তন সফল করা এবং রাজনৈতিক কার্যক্রম সচল করার উদ্দেশ্যে গৌরনদীর বিল্লগ্রাম এলাকার একটি বসতঘরে গোপন বৈঠকে মিলিত হয়েছেন, এমন খবর পেয়ে পুলিশ অভিযান চালায়।
এজাহার অনুযায়ী, পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত ব্যক্তিরা পালানোর চেষ্টা করলে ধাওয়া করে সাতজনকে আটক করা হয়। এ সময় অন্য অভিযুক্তরা পালিয়ে যান।
তবে সৈকত গুহ পিকলুর বক্তব্য অনুযায়ী, বাড়িতে লক্ষ্মীপূজার আয়োজন ও দাওয়াতের অনুষ্ঠান চলছিল। ঘটনাটি নিয়ে তাঁর বক্তব্য এবং মামলার এজাহারে পুলিশের উল্লেখ করা অভিযোগের মধ্যে ভিন্নতা রয়েছে।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ । ১:৩৬ পূর্বাহ্ণ