গাজীপুরে সমাবেশ থেকে ফেরার পথে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাজীপুর মহানগরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাবিল ইউসুফের বিরুদ্ধে যুবশক্তির নেতা আবু বকর সিদ্দিক সম্রাটকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন আবু বকর সিদ্দিক সম্রাট।
ফেসবুক পোস্টে সম্রাট অভিযোগ করেন, বাংলামোটরে অনুষ্ঠিত সমাবেশ থেকে ফেরার পথে নাবিল ইউসুফ তাঁকে উদ্দেশ করে বলেন, ‘সবাই বেঁচে যাবে, কিন্তু তোকে শেষ করে দেব।’ এ সময় অভিযুক্ত ব্যক্তি উত্তেজিত হয়ে তাঁর দিকে তেড়ে আসেন বলেও পোস্টে দাবি করেন তিনি।
সম্রাট আরও উল্লেখ করেন, এ ঘটনার পর থেকে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং নিজের জীবন নিয়ে আশঙ্কা করছেন। পাশাপাশি নাবিল ইউসুফের অতীত কর্মকাণ্ড ও তাঁর কয়েকজন বন্ধুর সঙ্গে উগ্রবাদী কর্মকাণ্ডের সংশ্লিষ্টতা রয়েছে বলেও পোস্টে দাবি করেন তিনি। তবে এসব দাবির পক্ষে কোনো প্রমাণ বা স্বাধীনভাবে যাচাই করা তথ্য পাওয়া যায়নি।
এ ঘটনায় প্রশাসনের পাশাপাশি তাঁর সংগঠন যুবশক্তির কেন্দ্রীয় আহ্বায়ক ও সদস্য সচিবের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন আবু বকর সিদ্দিক সম্রাট। একই সঙ্গে নিজের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তিনি।
এ বিষয়ে অভিযুক্ত নাবিল ইউসুফের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ । ৮:৪৫ অপরাহ্ণ