কুমিল্লার মেঘনা উপজেলায় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরেন। দিবসটির ঐতিহাসিক প্রেক্ষাপট, জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব নিয়ে তিনি আলোচনা করেন।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী আক্তারের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন মেঘনা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল ওয়াদুদ মুন্সি, সদস্য সচিব এসএম সালাউদ্দিন সরকারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
আলোচনা সভায় বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের গুরুত্ব তুলে ধরে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও জাতীয় ঐক্য সুসংহত করার প্রত্যয় ব্যক্ত করেন।

হোসাইন মোহাম্মদ দিদার :
প্রকাশের সময়: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬ । ২:৪২ অপরাহ্ণ