ফার্মগেটের পর মিরপুরে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬ । ১২:৪০ পূর্বাহ্ণ

রাজধানী ঢাকায় একের পর এক যানবাহনে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। ফার্মগেটের পর এবার মিরপুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বসুমতি পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার (৯ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে মিরপুরের সাড়ে ১১ নম্বর সেকশন ডাকঘর এলাকায় এ ঘটনা ঘটে। আগুন জ্বলতে দেখে স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিকভাবে তা নেভানোর চেষ্টা করেন।

পল্লবী থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বাসে অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ শুরু করেছে।

এর আগে একই দিন সন্ধ্যায় রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেল স্টেশনের নিচে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। একই দিন সন্ধ্যার পর রাজধানীর আরও তিনটি গুরুত্বপূর্ণ স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। স্থানগুলো হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকা, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত প্রাঙ্গণ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ফটকসংলগ্ন বাস পার্কিং এলাকা।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তথ্য অনুযায়ী, গত শনিবার থেকে রোববার রাত পর্যন্ত দুই দিনে রাজধানীর অন্তত ১৫টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একই সময়ে রাজধানীতে তিনটি যানবাহনে অগ্নিসংযোগ করা হয়েছে। এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগে গত তিন দিনে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে অন্তত ২০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রাজধানীর বাইরেও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রোববার দিবাগত রাত থেকে সোমবার সন্ধ্যার মধ্যে সাভার, বরগুনা ও গাজীপুরের বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় আরও পাঁচটি বাসে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে।

পরপর এসব অগ্নিসংযোগ ও বিস্ফোরণের ঘটনায় রাজধানীসহ বিভিন্ন এলাকায় জনমনে উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাগুলোর সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ করছে।

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন