দেবিদ্বারে মাদ্রাসার সুপারকে পিটিয়ে ৭ লাখ টাকা ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগ

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি:
প্রকাশের সময়: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬ । ৭:৪৩ অপরাহ্ণ

প্রবাসে পাঠানোর জন্য আত্মীয়স্বজনের কাছ থেকে সংগ্রহ করা টাকা নিয়ে বাড়ি ফেরার পথে হামলার শিকার; হাসপাতালে ভর্তি।

কুমিল্লার দেবিদ্বারে এক মাদ্রাসার সুপারকে রাস্তায় অতর্কিত হামলা করে মারধর, ৭ লাখ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা আনুমানিক ৬টা ২০ মিনিটে উপজেলার রসুলপুর ইউনিয়নের গোপালনগর এলাকায় এ ঘটনা ঘটে।
আহত মাওলানা আবু সায়েম (৬০) মুরাদনগর উপজেলার চৈনপুর দাখিল মাদ্রাসার সুপার এবং জামায়াতে ইসলামী রসুলপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সভাপতি বলে জানা গেছে। হামলায় তাঁর পা ও হাঁটুতে রক্তাক্ত জখম হয়েছে। পরে তাঁকে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

পরিবার ও অভিযোগ সূত্রে জানা যায়, আহত আবু সায়েমের ছেলে ইয়ামিন সরকার সজিবকে সার্বিয়া পাঠানোর জন্য অর্থের প্রয়োজন ছিল। এ উদ্দেশ্যে তিনি সোমবার সকালে ঢাকার রায়েরবাগ এলাকায় তাঁর বড় ভাইয়ের বাসায় যান। সেখানে আত্মীয়স্বজনের কাছ থেকে সংগ্রহ করা ৭ লাখ টাকা নিয়ে সন্ধ্যায় বাড়ির উদ্দেশে রওনা হন তিনি।
পথে সন্ধ্যা আনুমানিক ৬টা ২০ মিনিটে দেবিদ্বারের গোপালনগর এলাকায় একটি টাওয়ারের পাশে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা কয়েকজন ব্যক্তি তাঁর ওপর অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগে বলা হয়, হামলাকারীরা লাঠি দিয়ে তাঁকে এলোপাতাড়ি মারধর করে। এতে তাঁর পা ও হাঁটুতে গুরুতর রক্তাক্ত জখম হয়। এ সময় হামলাকারীরা তাঁর সঙ্গে থাকা নগদ ৭ লাখ টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। মোবাইল ফোনটির আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরে তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয়দের সহযোগিতায় তাঁকে উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মাসুদ হাসান বলেন, আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর পা ও হাঁটুতে ক্ষত ও রক্তাক্ত জখম রয়েছে। এ ছাড়া শরীরের বিভিন্ন স্থানে কিল-ঘুষি ও লাঠির আঘাতের চিহ্ন রয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
অভিযোগে কয়েকজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে হামলা ও ছিনতাইয়ের অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান বলেন
এই ঘটনায় ২পক্ষ পাল্টাপাল্টি অভিযোগ দিয়েছেন
অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে-

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন