টেকনাফে বিজিবির পৃথক দুই অভিযানে ২ লাখ ১০ হাজার ইয়াবা ও ৬ কেজি গাঁজা জব্দ, আটক ৩

মো:আরিফুল ইসলাম স্টাফ রিপোর্টার কক্সবাজার
প্রকাশের সময়: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ । ১:১২ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পৃথক দুটি বিশেষ অভিযানে ২ লাখ ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ৬ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে দুজন নারী ও একজন পুরুষ। এ সময় দুটি বাটন ফোনও জব্দ করা হয়।

শনিবার (১৪ নভেম্বর) টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজিবি সূত্রে জানা গেছে, শুক্রবার (১৩ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে মেরিন ড্রাইভ সড়ক দিয়ে মাদকের একটি চালান পাচারের তথ্য পায় বিজিবি। এর পরিপ্রেক্ষিতে টেকনাফ ব্যাটালিয়নের অধীনস্থ সি বিচ বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় শামীমা ফিলিং স্টেশনের প্রায় ২০০ গজ দক্ষিণে মহেশখালী পাড়া এলাকায় প্রধান সড়কে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়।

সন্ধ্যা আনুমানিক ৭টা ১০ মিনিটে একটি অটোরিকশায় দুই নারী চেকপোস্টের কাছে পৌঁছালে বিজিবি সদস্যরা গাড়িটি থামিয়ে তল্লাশি চালান। এ সময় তাঁদের সঙ্গে থাকা একটি প্লাস্টিকের ঝুড়ির ভেতরে পলিথিনে মোড়ানো অবস্থায় ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে মাদক পাচারের অভিযোগে ওই দুই নারীকে আটক করা হয়।

আটক দুই নারী হলেন—টেকনাফের হাবিলপাড়া এলাকার মোছা. ছেনোয়ারা বেগম (৫০) ও দিলারা বেগম (৪০)।

অন্যদিকে, শনিবার (১৪ নভেম্বর) ভোররাতে সাবরাং বিওপির দায়িত্বপূর্ণ জিন্নাখাল এলাকায় নাফ নদী দিয়ে মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে প্রবেশের গোপন তথ্য পায় বিজিবি। এ তথ্যের ভিত্তিতে রাত ১টা থেকে স্পিডবোটসহ বিশেষ টহল দল নাফ নদীর সম্ভাব্য প্রবেশপথে অবস্থান নেয়।

রাত আনুমানিক ১টা ৫০ মিনিটে থার্মাল ইমেজার ও রাডারের মাধ্যমে মিয়ানমার থেকে আসা দুই সন্দেহভাজন ব্যক্তির গতিবিধি শনাক্ত করেন বিজিবি সদস্যরা। রাত ২টার দিকে তাঁদের বস্তাসহ সাঁতরে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখা যায়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে একজন পালিয়ে গেলেও অপরজনকে একটি বস্তাসহ আটক করা হয়।
পরে বস্তাটি তল্লাশি করে বিশেষভাবে মোড়কজাত অবস্থায় ২ লাখ ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় আটক ব্যক্তির নাম মো. হোসেন (৫০)। তাঁর বাড়ি টেকনাফের সাবরাং ইউনিয়নের গোলারপাড়া এলাকায়। পালিয়ে যাওয়া ব্যক্তির নাম মো. শাকের (৪০)। তাঁকে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানা গেছে।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, মাদকদ্রব্যের অবৈধ পাচার দেশের যুবসমাজ, জনস্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি। মাদক পাচারকারীরা বিভিন্ন কৌশলে সীমান্ত দিয়ে মাদকের চালান অনুপ্রবেশের চেষ্টা করছে। তবে বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে।

তিনি আরও বলেন, মাদক পাচার প্রতিরোধে গোয়েন্দা নজরদারি, বিশেষ টহল, তল্লাশি কার্যক্রম এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার জোরদার করা হয়েছে। দেশের যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে বিজিবির মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
বিজিবি জানায়, আটক তিন আসামি, জব্দকৃত ইয়াবা, গাঁজা ও অন্যান্য আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন