গভীর সমুদ্রে জেলেদের নিরাপত্তায় ৬০০ কোটি টাকার স্যাটেলাইট প্রকল্প বঙ্গোপসাগরে নৌযানের গতিবিধি নজরদারিতে বসবে চারটি স্যাটেলাইট, সেবা চালুর লক্ষ্য ২০২৮ সালে

ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাট
প্রকাশের সময়: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ । ৮:৪৪ অপরাহ্ণ

গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে ঝড়, দুর্ঘটনা কিংবা যান্ত্রিক ত্রুটিতে বিপদে পড়া জেলেদের দ্রুত শনাক্ত ও উদ্ধারে স্যাটেলাইটভিত্তিক নজরদারি ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এ ব্যবস্থার আওতায় বঙ্গোপসাগরে মাছ ধরার নৌযানগুলোর অবস্থান ও গতিবিধি সার্বক্ষণিক পর্যবেক্ষণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ জন্য চারটি লো আর্থ অরবিট (এলইও) স্যাটেলাইট স্থাপনের পরিকল্পনা করছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)। প্রকল্পটির সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় ৬০০ কোটি টাকা। ২০২৮ সালের মধ্যে এ সেবা চালুর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

প্রস্তাবিত এ প্রযুক্তি চালু হলে উপকূল থেকে কয়েক শ কিলোমিটার দূরে অবস্থানরত নৌযানের অবস্থানও শনাক্ত করা সম্ভব হবে। বিশেষ করে গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়া জেলেরা ঝড় কিংবা অন্য কোনো দুর্ঘটনায় পড়লে তাদের অবস্থান দ্রুত চিহ্নিত করে উদ্ধার তৎপরতা পরিচালনায় সহায়তা মিলবে। একই সঙ্গে সামুদ্রিক নিরাপত্তা জোরদার, অবৈধ মাছ ধরা নিয়ন্ত্রণ এবং মৎস্যসম্পদের টেকসই ব্যবস্থাপনায় নতুন সম্ভাবনা তৈরি হবে।

বিএসসিএল সূত্রে জানা গেছে, প্রকল্পের আওতায় চারটি এলইও স্যাটেলাইটের পাশাপাশি দুটি গ্রাউন্ড স্টেশন এবং তথ্য সংরক্ষণ ও প্রক্রিয়াকরণের জন্য স্থানীয় সার্ভার অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। বর্তমানে প্রকল্পটির সম্ভাব্যতা যাচাই চলছে। কারিগরি নকশা, অর্থায়ন, স্যাটেলাইট নির্মাতা প্রতিষ্ঠান নির্বাচন ও প্রয়োজনীয় অবকাঠামোর বিষয়গুলো চূড়ান্ত হওয়ার পর বাস্তবায়ন কার্যক্রম শুরু হবে।

৩০ মিনিট পরপর মিলবে নৌযানের অবস্থানের তথ্য

বাংলাদেশের সমুদ্রসীমার আয়তন প্রায় ১ লাখ ১৮ হাজার ৮১৩ বর্গকিলোমিটার। বিশাল এ জলসীমায় রয়েছে বিপুল মৎস্যসম্পদ, সামুদ্রিক জীববৈচিত্র্য ও অর্থনৈতিক সম্ভাবনা। তবে বিস্তৃত সমুদ্র এলাকায় নিয়মিত নজরদারি ও নৌযানের চলাচল পর্যবেক্ষণ এখনো বড় চ্যালেঞ্জ।

প্রস্তাবিত স্যাটেলাইট ব্যবস্থায় পুরো বঙ্গোপসাগরীয় এলাকায় সর্বোচ্চ ৩০ মিনিটের রিভিজিট টাইম নিশ্চিত করার লক্ষ্য রয়েছে। অর্থাৎ, কোনো নির্দিষ্ট এলাকায় একবার পর্যবেক্ষণের পর সর্বোচ্চ ৩০ মিনিটের মধ্যে আবারও সেই এলাকার তথ্য পাওয়ার সুযোগ তৈরি হবে।

এতে কোন এলাকায় কতগুলো নৌযান চলাচল করছে, কোথায় মাছ ধরার তৎপরতা বেশি এবং কোন নৌযান নির্ধারিত এলাকার বাইরে যাচ্ছে, তা পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করা সম্ভব হবে। পাশাপাশি সামুদ্রিক নৌযানের গুরুত্বপূর্ণ তথ্য দেশের নিজস্ব সার্ভারে সংরক্ষণ করা যাবে। ফলে তথ্য ব্যবস্থাপনায় বিদেশি তৃতীয় পক্ষের ওপর নির্ভরশীলতাও কমবে।

উল্লেখ্য, বর্তমানে মহাকাশে থাকা বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ মূলত টেলিযোগাযোগ ও সম্প্রচার সেবার জন্য তৈরি। নতুন এ উদ্যোগের লক্ষ্য হচ্ছে সামুদ্রিক নৌযানের অবস্থান শনাক্ত ও গতিবিধি পর্যবেক্ষণে বিশেষায়িত স্যাটেলাইট অবকাঠামো গড়ে তোলা।

বিপদে পড়া জেলেদের উদ্ধারে বাড়বে সক্ষমতা

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে প্রায়ই ঝড়, উত্তাল ঢেউ, যান্ত্রিক ত্রুটি কিংবা দুর্ঘটনার মুখে পড়েন জেলেরা। বিশেষ করে উপকূল থেকে অনেক দূরে চলে গেলে মাছ ধরার নৌযানগুলো মোবাইল নেটওয়ার্কের বাইরে চলে যায়। ফলে কোনো নৌযান বিপদে পড়লে তার সুনির্দিষ্ট অবস্থান শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। অনেক ক্ষেত্রে নিখোঁজ নৌযান ও জেলেদের খুঁজে বের করতে দীর্ঘ সময় ধরে অনুসন্ধান চালাতে হয়।

স্যাটেলাইটভিত্তিক স্বয়ংক্রিয় শনাক্তকরণ ব্যবস্থা বা অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম (এআইএস) চালু হলে এ পরিস্থিতির পরিবর্তন ঘটতে পারে। এআইএস সুবিধাসম্পন্ন নৌযানের পরিচয়, অবস্থান ও গতিবিধির তথ্য দূর থেকেই পর্যবেক্ষণ করা সম্ভব হবে। ফলে নৌযান দুর্ঘটনা বা দুর্যোগের কবলে পড়লে নৌবাহিনী, কোস্টগার্ডসহ সংশ্লিষ্ট উদ্ধারকারী সংস্থাগুলো দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারবে।

এ ছাড়া নৌযানের চলাচলের তথ্য বিশ্লেষণ করে পরিকল্পিতভাবে যাত্রাপথ নির্ধারণ করা গেলে অপ্রয়োজনীয় চলাচল কমবে। এতে সময় ও জ্বালানি সাশ্রয়ের সুযোগ তৈরি হবে।

বিএসসিএলের প্রাথমিক হিসাব অনুযায়ী, পরিকল্পিতভাবে যাত্রাপথ নির্ধারণ করা গেলে একটি নৌযান একবারের যাত্রায় সর্বোচ্চ ১৫০ লিটার ডিজেল সাশ্রয় করতে পারে। এ হিসাবে বছরে মোট ৪ কোটি ৫০ লাখ লিটার জ্বালানি সাশ্রয়ের সম্ভাবনা রয়েছে।

মৎস্যসম্পদ ব্যবস্থাপনায় তৈরি হবে তথ্যভান্ডার

স্যাটেলাইটভিত্তিক এআইএস ব্যবস্থা চালু হলে বঙ্গোপসাগরে নৌযানের চলাচল ও মাছ ধরার কার্যক্রম সম্পর্কে দীর্ঘমেয়াদি তথ্য সংরক্ষণের সুযোগ তৈরি হবে। কোন এলাকায় কতগুলো নৌযান যাচ্ছে, কখন মাছ ধরছে এবং কখন উপকূলে ফিরছে—এসব তথ্য বিশ্লেষণ করে সামুদ্রিক মৎস্য আহরণের একটি সমৃদ্ধ তথ্যভান্ডার গড়ে তোলা সম্ভব হবে।

এ তথ্য কাজে লাগিয়ে কোনো এলাকায় অতিরিক্ত মাছ আহরণের প্রবণতা, নির্দিষ্ট সময়ে নৌযানের উপস্থিতি এবং বিভিন্ন অঞ্চলে মাছ ধরার কার্যক্রমের পরিবর্তন পর্যবেক্ষণ করা যাবে। এর ভিত্তিতে মৎস্যসম্পদের সুরক্ষা, অবৈধ ও অনিয়ন্ত্রিত মাছ ধরা প্রতিরোধ এবং টেকসই আহরণ পরিকল্পনা প্রণয়ন সহজ হবে।

তবে এআইএস প্রযুক্তি সরাসরি সমুদ্রের কোথায় মাছ রয়েছে, তা শনাক্ত করতে পারে না। এর মূল কাজ নৌযানের পরিচয় ও গতিবিধি পর্যবেক্ষণ করা। সমুদ্রে মাছের সম্ভাব্য অবস্থান জানতে পানির তাপমাত্রা, রঙ, ক্লোরোফিলের মাত্রা, প্ল্যাঙ্কটনের উপস্থিতি ও সমুদ্রস্রোতের তথ্য বিশ্লেষণ করতে হয়। এসব ক্ষেত্রে স্যাটেলাইট রিমোট সেন্সিংয়ের পাশাপাশি সোনার ও ইকো-সাউন্ডারের মতো প্রযুক্তি ব্যবহার করা হয়।

অর্থাৎ, এআইএস জানাবে নৌযান কোথায় রয়েছে, আর সমুদ্রবিজ্ঞানভিত্তিক প্রযুক্তি জানাবে কোন এলাকায় মাছ পাওয়ার সম্ভাবনা বেশি। ভবিষ্যতে এসব প্রযুক্তির সমন্বিত ব্যবহার বঙ্গোপসাগরে আধুনিক ও তথ্যনির্ভর মৎস্য ব্যবস্থাপনার পথ তৈরি করতে পারে।

সামুদ্রিক নিরাপত্তা ও সার্বভৌমত্ব সুরক্ষায় গুরুত্ব

এ বিষয়ে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. মুহাম্মদ ইমাদুর রহমান বলেন, বঙ্গোপসাগর বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সম্পদ। এ সম্পদের সুরক্ষা, সুষ্ঠু ব্যবস্থাপনা ও সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা গড়ে তোলা অত্যন্ত জরুরি।

তিনি বলেন, প্রস্তাবিত স্যাটেলাইটভিত্তিক এআইএস ব্যবস্থা চালু হলে গভীর সমুদ্রে মাছ ধরার নৌযানগুলোর অবস্থান ও গতিবিধি নিয়মিত পর্যবেক্ষণ করা সম্ভব হবে। কোনো নৌযান দুর্ঘটনা বা দুর্যোগের কবলে পড়লে দ্রুত তার অবস্থান শনাক্ত করে উদ্ধার কার্যক্রম পরিচালনায় সহায়তা পাওয়া যাবে।

মুহাম্মদ ইমাদুর রহমান আরও বলেন, বাংলাদেশের সামুদ্রিক সম্পদ ও নৌযানসংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য দেশের নিজস্ব স্যাটেলাইট ও সার্ভার অবকাঠামোর মাধ্যমে সংরক্ষণ ও ব্যবস্থাপনার লক্ষ্য নিয়ে এ উদ্যোগ নেওয়া হচ্ছে।

তাঁর মতে, এটি শুধু একটি প্রযুক্তিগত উদ্যোগ নয়; বরং বাংলাদেশের সামুদ্রিক অর্থনীতির উন্নয়ন, জেলেদের নিরাপত্তা এবং সামুদ্রিক সার্বভৌমত্ব সুরক্ষায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ। একই সঙ্গে নৌযানের চলাচল ও মৎস্য আহরণের তথ্য বিশ্লেষণের মাধ্যমে সামুদ্রিক সম্পদের টেকসই ব্যবস্থাপনা, অবৈধ মাছ ধরা প্রতিরোধ এবং জ্বালানি সাশ্রয়েও এ প্রযুক্তি কার্যকর ভূমিকা রাখতে পারে।

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন