কুমিল্লার দেবিদ্বার উপজেলার ৪নং সুবিল ইউনিয়ন বিএনপির নবগঠিত কমিটির ৭ বিএনপি নেতা পদত্যাগ করেছেন।
শনিবার (১৪ নভেম্বর) বিকেলে উপজেলার ডায়না রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে মাধ্যমে পদত্যাগ করেন তারা।
সদ্য ঘোষিত নব কমিটির সুবিল ইউনিয়নের সিনিয়র যুগ্ম আহবায়ক আতিকুর রহমান হিরণ ও যুগ্ম আহবায়ক মোঃ গোলাম মোস্তফা, গোলাম রাব্বানী, সোহেল নেয়ামত সরকার, ডাঃ মোঃ রিপনসহ সদস্য মোঃ মান্নান মোল্লা পদত্যাগ করেন।
সম্মেলনে বিএনপি নেতারা বলেন, সদ্য সুবিল ইউনিয়ন বিএনপির নবগঠিত কমিটি ঘোষণা করা হয়েছে। তবে এ কমিটির কবে কোথায় কিভাবে ঘোষণা করেছে আমরা কিছুই জানি না। কমিটি করা হয়েছে কিন্তু আমাদের অবগত বা জানানো হয়নি। কমিটিতে যাদের মূল কমিটিতে রাখা হয়েছে তারা কবে কোথায় বিএনপি করেছে তাও জানি না। দলের দুর্দিনে তাদের আমরা রাজপথে দেখি নাই। তারা গুপ্ত ছিল ও আওয়ামী লীগের সাথে রাজনীতি করত। ৫ আগস্টে পর তাদের আবির্ভাব। এ কমিটিতে ত্যাগীদের অবমূল্যায়ন করা হয়েছে, আত্মীয় করণ, পকেট ও অর্থের বিনিময়ে ঘোষিত কমিটি এটা। রাতের আধারে টাকার বিনিময়ে মনগড়া কমিটি করেছে এমন অভিযোগ তুলেন।
এছাড়াও নবগঠিত কমিটির আহবায়ক মোঃ কামাল হোসেন ও সদস্য সচিব মোঃ হানিফ ভূইয়া, কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সুফিয়া বেগম এবং দেবিদ্বার উপজেলা বিএনপির আহবায়ক মোঃ জসিম উদ্দিন এর আত্মীয় হওয়াতে তারা কমিটিতে স্হান পেয়েছে। তারা বিএনপি কেউ না বলেও অভিযোগ তুলেন।
এবিষয়ে কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সুফিয়া বেগম জানান, আমি এ কমিটির বিষয়ে কিছুই জানি না। জেলা বিএনপির রেজুলেশন অনুযায়ী কথা ছিল প্রতিটা ইউনিয়নে গিয়ে মিটিং সমাবেশ করে ইউনিয়ন কমিটি ঘোষণা করা হবে। তবে উপজেলা আহবায়ক মোঃ জসিম উদ্দিন ফেসবুকে নবগঠিত কমিটি পাবলিশের পর আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে। আত্মীয়করণের বিষয়ে তিনি বলেন নবগঠিত কমিটির কেউ আমার আত্মীয় না।
এবিষয়ে দেবিদ্বার উপজেলা বিএনপির আহবায়ক মোঃ জসিম উদ্দিন বলেন, একটি গ্রহণযোগ্য কমিটি গঠন করেছি। সকলকে আহবায়ক ও সদস্য সচিব করা তো সম্ভব না। কেউ পদত্যাগ করলে তার শূন্য স্হান পূরণ করা হবে। আত্মীয়করণের বিষয়ে তিনি জানান সুবিল ইউনিয়নে তাহার কোন আত্মীয় নেই।

মোহাম্মদ শিপন ,দেবিদ্বার প্রতিনিধিঃ
প্রকাশের সময়: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ । ৯:০৫ অপরাহ্ণ