ছাত্রলীগ কর্মী রায়পুর থানাকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ। আটক ২

মো:ইউনুচ ,রায়পুর উপজেলা প্রতিনিধি
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬ । ৮:৩৩ অপরাহ্ণ

লক্ষ্মীপুরের রায়পুর থানা লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় ধাওয়া করে দুই যুবককে আটক করেছে পুলিশ। রায়পুর থানা এলাকায় এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তিরা হলেন, রায়পুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আমজাদ হোসেনের ছেলে মো. জাহিদ এবং চরপাতা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মৃত শফিউল্লাহর ছেলে লাবিব।

স্থানীয় সূত্রে জানা যায়, রায়পুর মার্চেন্টস একাডেমির পেছন থেকে থানাকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়। এতে বিস্ফোরণের বিকট শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পরপরই রায়পুর থানা পুলিশ ও পৌর ছাত্রদলের কয়েকজন সদস্য ধাওয়া করে মুন্সীবাড়ির বাগান এলাকা থেকে ২জনকে আটক করেন।

আটককারীদের দাবি, আটক দুজন নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী। তাদের মোবাইল ফোন পরীক্ষা করে বিদেশে অবস্থানরত নিষিদ্ধ ছাত্রলীগ নেতা জিহাদের নেতৃত্বাধীন একটি মেসেঞ্জার গ্রুপে নাশকতার পরিকল্পনাসংক্রান্ত তথ্য পাওয়া গেছে বলেও দাবি করা হয়েছে। তবে এসব তথ্যের সত্যতা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।

এদিকে, ঘটনার পর রায়পুর থানা পুলিশের সদস্যরা থানার পেছন থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছেন বলে জানা গেছে।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, ককটেল নিক্ষেপের পরপরই রায়পুর থানা পুলিশ ও পৌর ছাত্রদলের কয়েকজন সদস্য ধাওয়া করে দুজনকে আটক করেন। পরে তাদের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

থানার মতো গুরুত্বপূর্ণ আইনশৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠানে ককটেল নিক্ষেপের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। এ ঘটনার পেছনে কারা জড়িত, কী উদ্দেশ্যে হামলা চালানো হয়েছে এবং এর সঙ্গে কোনো সংঘবদ্ধ চক্রের সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা তদন্তের মাধ্যমে উদ্‌ঘাটনের দাবি জানিয়েছেন রায়পুর বাসী।

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন