গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে নতুন করে আরও ২৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হচ্ছে। এ নিয়ে জেলায় বিজিবির মোট মোতায়েন করা সদস্যসংখ্যা দাঁড়াচ্ছে ৫৫ প্লাটুনে।
শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যার মধ্যে নতুন করে মোতায়েন করা বিজিবি সদস্যদের গোপালগঞ্জে পৌঁছানোর কথা রয়েছে।
বিজিবির মিডিয়া সেলের উপমহাপরিচালক কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপালগঞ্জে আগে থেকেই বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন। নতুন করে আরও ২৬ প্লাটুন সদস্য মোতায়েনের ফলে জেলায় মোট ৫৫ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করবেন।
বিজিবি সূত্রে জানা গেছে, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় অতিরিক্ত এই সদস্য মোতায়েনের উদ্যোগ নেওয়া হয়েছে।
মোতায়েন করা বিজিবি সদস্যরা স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করবেন।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬ । ১২:৪২ পূর্বাহ্ণ