পাবনার বেড়া পৌর এলাকায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার সরকারকে প্রত্যাহার করা হয়েছে। তার স্থলে নতুন ওসি হিসেবে দায়িত্ব পেয়েছেন পাবনা সদর সার্কেলের পরিদর্শক (ইন্সপেক্টর) গোলাম মোস্তফা।শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় জেলা পুলিশের পক্ষ থেকে ওসি প্রত্যাহার ও নতুন ওসি নিয়োগের আদেশ দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পাবনার পুলিশ সুপার (এসপি) আবু আশ্রাফ।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল ১১টার দিকে বেড়া পৌর এলাকায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হয়। দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ চলে সন্ধ্যা পর্যন্ত। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সংঘর্ষে বেশ কয়েকজন আহত হলেও তাদের সঠিক সংখ্যা ও পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ সুপার আবু আশ্রাফ বলেন, বেড়া থানার ওসি নয়ন কুমার সরকারকে প্রত্যাহার করা হয়েছে। তার স্থলে গোলাম মোস্তফাকে নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে জন্য পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।আহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে পুলিশ সুপার বলেন, একজন কিশোর আহত হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হচ্ছে বলে জানতে পেরেছি। তবে আহত বা নিহতের সঠিক সংখ্যা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেননি। কাউকে আটকও করা হয়নি।স্থানীয় বাসিন্দা ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার থেকে বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল এবং পাল্টাপাল্টি ধাওয়াকে কেন্দ্র করে পৌর এলাকার পায়না, হাতিগাড়া, বৃশালিখা, স্যানালপাড়া ও সওদাগরপাড়াসহ কয়েকটি মহল্লায় উত্তেজনা বিরাজ করছিল। এর জেরে গত দুই দিনে উভয় পক্ষের বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
এর আগে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় বেড়া থানা এলাকায় গিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী-সমর্থকরা। এ সময় বিএনপি ও ছাত্রদলের কর্মী-সমর্থকরা তাদের ধাওয়া দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। পরে সাবেক ডেপুটি স্পিকার ও পাবনা-১ আসনের সাবেক সংসদ সদস্য শামসুল হক টুকুর পরিত্যক্ত বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
চলমান উত্তেজনা ও বিশৃঙ্খলা নিরসনে শনিবার সকালে স্থানীয় সংসদ সদস্য সেলিম রেজা হাবিব, জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার আবু আশ্রাফ, স্থানীয় বিএনপি নেতাকর্মী ও প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সভা অনুষ্ঠিত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সভা শেষে ওসি নয়ন কুমার সরকার হাতিগাড়া এলাকায় পরিস্থিতি পর্যবেক্ষণে গেলে পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা। এ সময় ঘটনার ভিডিও ধারণ করতে গেলে এক সংবাদকর্মীকে লাঞ্ছিত করা হয়। ভাঙচুর করা হয় তার ক্যামেরাও।
এরপরই বৃশালিখা মহল্লায় সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর বাড়ির সামনে বিএনপি ও আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে সংঘর্ষ আশপাশের কয়েকটি মহল্লায় ছড়িয়ে পড়ে। সকাল থেকে চলা উত্তেজনা ও সংঘর্ষ সন্ধ্যার দিকে নিয়ন্ত্রণে আসে।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬ । ২:৪৭ পূর্বাহ্ণ