ইলিয়টগঞ্জ ডক্টর মোশাররফ ফাউন্ডেশন ডিগ্রি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আব্দুর রহমান বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। ২০২৬ সালের জেলা সম্মেলনে ঘোষিত সুপারফাইভ কমিটিতে তিনি এ পদে নির্বাচিত হন।
২১ নভেম্বর শনিবার সকাল ১০টায় কুমিল্লা শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির কুমিল্লা জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান, শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভূঁইয়া।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লার চেয়ারম্যান অধ্যাপক আহসান পারভেজ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর কুমিল্লা অঞ্চলের পরিচালক অধ্যাপক মো. শহীদ উল্লাহ এবং শিক্ষক কর্মচারী ঐক্যজোটের মহাসচিব মো. জাকির হোসেন।
সম্মেলনে সভাপতিত্ব করেন ঝলম স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ অধ্যাপক এমদাদুল হক পলাশ। ইলিয়টগঞ্জ ডক্টর মোশাররফ ফাউন্ডেশন ডিগ্রি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আব্দুর রহমান, অধ্যাপক সারোয়ার জাহান ভূঁইয়া দোলন ও অধ্যাপক নেছার আহমেদ রাজুর যৌথ সঞ্চালনায় সম্মেলনটি প্রাণবন্ত হয়ে ওঠে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে সুপার ফাইভ কমিটি ঘোষণা করেন অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। ঘোষিত নতুন কমিটিতে অধ্যাপক এমদাদুল হক পলাশ পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন। সিনিয়র সহসভাপতি পদে অধ্যাপক নাজমা চৌধুরী, সাধারণ সম্পাদক পদে অধ্যাপক আব্দুর রহমান, যুগ্ম সম্পাদক পদে অধ্যাপক সারোয়ার জাহান ভূঁইয়া দোলন এবং সাংগঠনিক সম্পাদক পদে অধ্যাপক নেছার আহমেদ রাজু নির্বাচিত হয়েছেন।
অধ্যক্ষ আব্দুর রহমানকে পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত করায় কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য ও শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভূঁইয়ার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন কলেজ শিক্ষক সমিতি দাউদকান্দি শাখার নেতারা।

মাসুম বিন ইদ্রিস:
প্রকাশের সময়: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬ । ১২:২৬ অপরাহ্ণ