নাটোরের নলডাঙ্গায় পানিতে ডুবে যাওয়া শিশুকে বাঁচাতে মানবিক উদ্যোগ নেন নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
নিজের গাড়িবহরে করে দ্রুত শিশুটিকে নাটোর সদর হাসপাতালে নিয়ে যান তিনি। তবে চিকিৎসকদের আপ্রাণ চেষ্টার পরও শেষ পর্যন্ত বাঁচানো যায়নি শিশুটিকে। রোববার (২২ নভেম্বর) দুপুর ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহত সাদিপ হোসেন নলডাঙ্গা উপজেলার সাখারীপাড়া গ্রামের মো. বকুল হোসেনের ছেলে।
জানা গেছে, নলডাঙ্গা থেকে নাটোরে ফেরার পথে সড়কে শিশুটিকে নিয়ে পরিবারের সদস্যদের কান্নাকাটি করতে দেখেন হুইপ দুলু। শিশুটির শারীরিক অবস্থা আশঙ্কাজনক বুঝতে পেরে তাৎক্ষণিকভাবে নিজের গাড়িতে তুলে তাকে দ্রুত নাটোর সদর হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন তিনি।
হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা শিশুটিকে বাঁচাতে দীর্ঘক্ষণ চেষ্টা চালান। তবে সব চেষ্টা ব্যর্থ করে মৃত্যুর কোলে ঢলে পড়ে সাদিপ।
এ ঘটনায় শিশুটির পরিবারের সদস্যদের পাশাপাশি আবেগাপ্লুত হয়ে পড়েন হুইপ দুলুও। শিশুটিকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করেও শেষ পর্যন্ত সফল না হওয়ায় তিনি মর্মাহত হন।
হুইপ দুলু জানান, নলডাঙ্গায় গ্রামের বাড়িতে একটি কর্মসূচি শেষে নাটোরে ফেরার পথে সড়কে শিশুটিকে নিয়ে পরিবারের সদস্যদের আহাজারি করতে দেখেন তিনি। শিশুটির অবস্থা গুরুতর মনে হওয়ায় এক মুহূর্ত দেরি না করে দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন। কিন্তু চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও শিশুটিকে বাঁচানো সম্ভব হয়নি।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬ । ৫:২৬ অপরাহ্ণ