শ্রমিকদের যৌক্তিক দাবির আন্দোলনের সরকার আন্তরিক গাজীপুর বিএনপি নেতা কামাল উদ্দিন

শেখ মোরশেদ আলম জিসান. স্টাফ রিপোর্টার
প্রকাশের সময়: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬ । ৫:০৪ পূর্বাহ্ণ

গাজীপুরে দীর্ঘদিন ধরে চলমান শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে শ্রমিক ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটছে। সোমবার দিনভর জেলার বিভিন্ন স্থানে পোশাক শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। কোথাও কোথাও সড়কে আগুন জ্বালিয়ে যান চলাচল বন্ধ করে দেন আন্দোলনকারীরা। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও পরিবহন চালকেরা।

 

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শ্রমিকদের শান্তিপূর্ণভাবে সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জানায়। একপর্যায়ে অবরোধমুক্ত করতে পুলিশ টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও লাঠিচার্জ করে। এতে বিভিন্ন স্থানে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

 

গাজীপুর মহানগরীর গাছা থানাধীন বোর্ডবাজার সাইনবোর্ড ও মালেকের বাড়ি এলাকাতেও শ্রমিক ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

 

এদিকে শ্রমিকদের ন্যায্য দাবির প্রতি সমর্থন জানিয়ে জননিরাপত্তা নিশ্চিত করা এবং শিল্পকারখানাকে হামলা ও নাশকতা থেকে রক্ষার লক্ষ্যে গাছা থানা বিএনপি শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করে।

 

অবস্থান কর্মসূচিতে গাছা থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. কামাল উদ্দিন সাংবাদিকদের বলেন, শ্রমিকদের যৌক্তিক আন্দোলন ও ন্যায্য অধিকার আদায়ের দাবির সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একমত পোষণ করে। শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় সরকার আন্তরিক বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

 

তিনি বলেন, শ্রমিকদের দাবির বিষয়ে সরকার সময় চেয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সরকার একটি সুন্দর ও গ্রহণযোগ্য সিদ্ধান্ত নেবে বলে তিনি প্রত্যাশা করেন। শ্রমিকদের ধৈর্য ধরে শান্তিপূর্ণভাবে নিজ নিজ কর্মস্থলে চলে যাওয়ার আহ্বান জানান তিনি।

 

মোঃ কামাল উদ্দিন অভিযোগ করে বলেন, শ্রমিক আন্দোলনকে পুঁজি করে সরকারকে বিভ্রান্তিকর পরিস্থিতিতে ফেলতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের একটি অংশ সহিংসতা ও নাশকতার চেষ্টা করছে। ডিসেম্বরকে কেন্দ্র করে দেশব্যাপী অস্থিতিশীল পরিস্থিতি তৈরির পরিকল্পনা রয়েছে বলেও তিনি দাবি করেন।

 

তিনি আরও অভিযোগ করেন, গাজীপুরে রাজনৈতিকভাবে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ সুবিধা করতে না পেরে শ্রমিক আন্দোলনে অনুপ্রবেশ করে কিছু ব্যক্তি নাশকতা ও সহিংসতা সৃষ্টির চেষ্টা করছে এবং পুলিশের ওপর হামলা চালাচ্ছে।

 

শ্রমিকদের উদ্দেশে কামাল উদ্দিন বলেন, পোশাক কারখানা ও ইন্ডাস্ট্রি কারখানা গুলো শ্রমিকদের নিজেদের নিরাপত্তা দিতে হবে কারণ সেটি শ্রমিকদের স্থান ইন্ডাস্ট্রি কারখানা ধ্বংসযজ্ঞ হামলা চালালে নিজেদের ক্ষতি হবে এবং আন্দোলনের মধ্যে অনুপ্রবেশকারী ও উসকানিদাতাদের চিহ্নিত করতে হবে। কোনো নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের উসকানিতে পা না দিয়ে নিজেদের ন্যায্য দাবি আদায়ে শান্তিপূর্ণ ভাবে নিজ নিজ কর্মস্থানে ফিরে যেতে হবে এবং সরকারকে সঠিক সিদ্ধান্ত ও সিদ্ধান্ত নিতে সহযোগিতা করতে হবে।

 

তিনি বলেন, শ্রমিকরাই বাংলাদেশের অর্থনীতির চালিকাশক্তি। তাদের কঠোর পরিশ্রমের মাধ্যমে দেশের বৈদেশিক মুদ্রা অর্জিত হয়। শ্রমিক বাঁচলে দেশ বাঁচবে—এ কথা উল্লেখ করে তিনি শ্রমিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

 

কামাল উদ্দিন আরও বলেন, জনজীবনের স্বাভাবিক পরিবেশ বজায় রাখা এবং শিল্পকারখানার নিরাপত্তা নিশ্চিত করতেই গাছা থানা বিএনপির এই শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি। শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের পাশাপাশি শিল্পাঞ্চলে শান্তি, শৃঙ্খলা ও নিরাপদ কর্মপরিবেশ বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন