গ্রামে কোনো সড়ক ছিল না। খালের ওপর সেতু না থাকায় বাঁশের সাঁকো দিয়ে পার হতে হতো গ্রামবাসীকে। একটি সেতুর অভাবে যাতায়াত করতে চরম ভোগান্তি পোহাতে হতো তাদের।
সরকারিভাবে রাস্তা ও সেতু নির্মাণের অনেক চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়। অবশেষে এক প্রবাসীর উদ্যোগে এবং তার নিজের টাকায় নির্মিত হলো সেতু ও রাস্তা।
ঘটনাটি কুমিল্লার দাউদকান্দি উত্তর ইউনিয়নের ভাজরা গ্রামের। প্রয়াত বাবা হাজী মোহাম্মদ তোতা মিয়া বেপারীর স্মৃতি রক্ষায় নিজস্ব অর্থায়নে রাস্তা ও ব্রিজ নির্মাণ করেছেন ওমান প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজী মোহাম্মদ মন্টু মিয়া বেপারী। বাবার নামে সড়কটির নামকরণ করা হয়েছে ‘মরহুম তোতা মিয়া হাজী রোড’। ব্রিজটি নির্মাণের কারণে পাল্টে গেছে পুরো এলাকার যোগাযোগের চিত্র।
স্থানীয় সূত্রে জানা গেছে, খাল-বিল বেষ্টিত ভাজরা গ্রামে আগে যাতায়াতের কোনো সুব্যবস্থা ছিল না। বাহেরচর-ভাজরা পাকা রাস্তা থেকে সেলিম চৌধুরীর মুদি দোকান পর্যন্ত প্রায় আধা কিলোমিটার দীর্ঘ এই জায়গায় কোনো সড়ক ছিল না। খালের ওপরে সেতু না থাকায় ভোগান্তির শেষ ছিল না এলাকার মানুষের। গ্রামের মানুষের কথা চিন্তা করে একক অর্থায়নে রাস্তা ও সেতু নির্মাণ করেছেন প্রবাসী মন্টু মিয়া বেপারী।
এই দুটি কাজ করতে আনুমানিক এক কোটি টাকা ব্যয় হয়েছে। প্রবাসী মন্টু মিয়ার নিজস্ব অর্থায়নে প্রথমে কাঁচা রাস্তা নির্মাণের কাজ সম্পন্ন হয়।
পরবর্তীতে দাউদকান্দি উপজেলা পরিষদের উদ্যোগে সরকারিভাবে রাস্তাটি সিসি করনের কাজ সম্পন্ন করেন প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ নাজমুল। জনতা টিভির পক্ষ থেকে মুঠোফোনে যোগাযোগ করা হলে প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ নাজমুল জানান, “প্রবাসী মন্টু মিয়া বেপারী নিজ উদ্যোগে সেতু ও কাঁচা রাস্তা করে গ্রামের মানুষের বড় উপকার করেছেন।
পরে উপজেলা পরিষদের পক্ষ থেকে আমরা রাস্তাটি সিসি করন করে দিয়েছি, যাতে মানুষ সহজে চলাচল করতে পারেন।” ২০২২ সালের ২ ফেব্রুয়ারি ‘বেপারী বাড়ী চ্যারিটি সংগঠন’-এর তত্ত্বাবধানে এটি উদ্বোধন করা হয়।
আগে বর্ষায় ট্রলার ছিল একমাত্র ভরসা, আর শুষ্ক মৌসুমে খালের পানি শুকিয়ে গেলে চলাচল বন্ধ হয়ে যেত। এতে রোগী ও গর্ভবতী নারীদের হাসপাতালে নিতে চরম ভোগান্তি পোহাতে হতো। এখন সব মৌসুমেই মানুষ সহজে যাতায়াত করতে পারছেন।
স্থানীয় সিএনজিচালকরা জানান, “এই রাস্তা ও ব্রিজ হওয়ায় এখন আর সুযোগ-সুবিধার অভাব নেই।
বাহেরচর রাস্তা থেকে সেলিম চৌধুরীর দোকান হয়ে গ্রামের ভেতর দিয়ে গাঙ্গের পার পেরিয়ে হাসনাবাদ গুদারা ঘাটে যাওয়া যায়। আগে ভেতরে গাড়ি ঢুকত না, এখন সিএনজি চালিয়ে আমাদের আয়ের পথ তৈরি হয়েছে।
গ্রামটিকে এখন শহরের মতো মনে হয় এবং জমির দামও বেড়েছে। মন্টু ভাই আরও ভালো কাজ করুক, এই দোয়া করি।”
এলাকাবাসী এই উদ্যোগকে ‘সদকায়ে জারিয়া’ হিসেবে অভিহিত করে মন্টু মিয়ার প্রশংসা করেন। স্থানীয় এক মুরুব্বি বলেন, “আল্লাহ যেন মন্টুর মতো মানুষদেরই সম্পদ দেন, যারা মানুষের কল্যাণে তা ব্যয় করেন।”
স্থানীয়দের মতে, তিনি মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থান ও অসহায় পরিবারের মেয়েদের বিয়েতেও নিয়মিত সহায়তা করেন।
ওমান প্রবাসী হাজী মোহাম্মদ মন্টু মিয়া বেপারী বলেন, “টাকা-পয়সা তো আর কবরে নিয়ে যেতে পারব না। উপার্জিত অর্থ মানুষের উপকারে এলেই প্রকৃত আনন্দ ও মানসিক শান্তি পাই। সবাই আমার ও আমার বাবার জন্য দোয়া করবেন, ভবিষ্যতেও এমন কাজ চালিয়ে যাব।”

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ । ৭:৪৬ অপরাহ্ণ